কৃষকদের স্বস্তি, আন্তঃরাজ্য পণ্য পরিবহণে নিষেধাজ্ঞা প্রত্যাহার
নিয়োগ দুর্নীতির তদন্তে সিবিআই, পুনর্নিয়োগ বাতিলেও কড়া পদক্ষেপ
নিউজ ফ্রন্ট, কলকাতা ১৪ মে :
পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই একের পর এক বড় প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার এবার কৃষকদের স্বস্তি দিয়ে আলু, পেঁয়াজ, ফল, সবজি, তেলবীজ এবং অন্যান্য অত্যাবশ্যকীয় পণ্যের আন্তঃরাজ্য পরিবহণের ওপর থাকা সমস্ত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা করেছে।
সরকারি সূত্রে দাবি, পূর্ববর্তী তৃণমূল কংগ্রেস সরকারের আমলে এই নিষেধাজ্ঞার কারণে বিশেষ করে আলু চাষিরা ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছিলেন। বাজারে ন্যায্যমূল্য না পাওয়ায় বহু কৃষক সমস্যায় পড়েন। বিধানসভা নির্বাচনের সময় বিজেপি কৃষকদের কাছে এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রতিশ্রুতি দিয়েছিল। এবার সেই আলু বলয়ে ব্যাপক ফল করেছে বিজেপি। ক্ষমতায় এসেই সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করল নতুন সরকার।
অন্যদিকে, শিক্ষক নিয়োগ, পুরসভা নিয়োগ এবং সমবায় পরিষেবায় দুর্নীতির অভিযোগে বড় পদক্ষেপ করেছে রাজ্য সরকার। এই সংক্রান্ত একাধিক মামলার তদন্তভার তুলে দেওয়া হয়েছে সিবিআই-এর হাতে।মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর অভিযোগ, আগের সরকার দুর্নীতিতে জড়িত আধিকারিকদের রক্ষা করার জন্য দীর্ঘদিন কোনও কার্যকর পদক্ষেপ নেয়নি। তিনি স্পষ্ট জানিয়েছেন, নতুন সরকার প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে।
সরকার আরও ঘোষণা করেছে, আগের সরকারের আমলে অবসরের পর যাঁদের পুনর্নিয়োগ করা হয়েছিল, তাঁদের পরিষেবা বাতিল করা হচ্ছে। ইতিমধ্যেই এই সংক্রান্ত একাধিক সরকারি নির্দেশিকা জারি হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর। নতুন সরকারের দাবি, প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা ফিরিয়ে আনতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পাশাপাশি সরকারি চাকরিতে নতুন প্রজন্মের জন্য সুযোগ তৈরির দিকেও জোর দেওয়া হচ্ছে।
বিজেপি সরকারের এই ধারাবাহিক সিদ্ধান্ত ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।
তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ক্ষমতায় আসার পর প্রশাসনিক সংস্কার এবং দুর্নীতিবিরোধী অবস্থানকে সামনে রেখে নিজেদের রাজনৈতিক বার্তা স্পষ্ট করতে চাইছে নতুন সরকার।