পশু বলিতে কড়া নিয়ম পশ্চিমবঙ্গে, সরকারি শংসাপত্র ছাড়া জবাই নিষিদ্ধ

নিউজ ফ্রন্ট, কলকাতা, ১৪ মে :

পশু বলি ও জবাই নিয়ন্ত্রণে আরও কড়া অবস্থান নিল পশ্চিমবঙ্গ সরকার। ‘পশ্চিমবঙ্গ পশু জবাই নিয়ন্ত্রণ আইন, ১৯৫০’-এর আওতায় নতুন সংশোধিত নির্দেশিকা জারি করে সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, সরকারি শংসাপত্র ছাড়া গরু, বলদ, ষাঁড়, মহিষ এবং বাছুর বলি বা জবাই করা যাবে না।

নতুন নির্দেশিকায় বলা হয়েছে, কোনও পশুকে বলির উপযুক্ত ঘোষণা করতে হলে সরকারি পশু চিকিৎসক, সংশ্লিষ্ট পঞ্চায়েত সমিতির সভাপতি অথবা পুরসভার চেয়ারম্যানের যৌথ লিখিত অনুমোদন বাধ্যতামূলক। শুধুমাত্র সরকারি সার্টিফিকেট থাকলেই পশু জবাই বা বলির অনুমতি মিলবে।

এছাড়াও, ১৪ বছরের কম বয়সী কোনও পশুকে বলি দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। সরকার জানিয়েছে, অল্পবয়সী পশুর সুরক্ষা এবং পশুসম্পদ রক্ষার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন গাইডলাইনে আরও বলা হয়েছে, কোনওভাবেই প্রকাশ্য স্থানে বা খোলা জায়গায় পশু জবাই করা যাবে না। প্রশাসনের দাবি, জনস্বাস্থ্য, পরিবেশ এবং আইনশৃঙ্খলার কথা মাথায় রেখেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

সরকারি নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, আইন কার্যকর করতে প্রশাসনিক আধিকারিক বা সরকারি পশু চিকিৎসক যদি কোনও বলিস্থল বা জবাইয়ের জায়গা পরিদর্শনে যান, তাহলে তাঁদের কাজে বাধা দেওয়া যাবে না।

সরকার স্পষ্ট জানিয়েছে, এই নির্দেশিকা অমান্য করলে কঠোর শাস্তির মুখে পড়তে হবে। নিয়ম ভাঙলে ছয় মাস পর্যন্ত কারাদণ্ড, এক হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় শাস্তিই হতে পারে।

রাজ্যের প্রশাসনিক মহলের মতে, অবৈধ পশু জবাই, পাচার এবং অনিয়ন্ত্রিত বলি প্রথা রুখতেই এই নতুন পদক্ষেপ। অন্যদিকে, বিভিন্ন পশুপ্রেমী সংগঠন এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। তবে কিছু মহলে ধর্মীয় আচার-অনুষ্ঠানে সরকারি নিয়ন্ত্রণ বাড়ানো নিয়ে প্রশ্নও উঠতে শুরু করেছে।

রাজনৈতিক মহলের মতে, আসন্ন সময়ে এই নির্দেশিকা ঘিরে রাজ্যে নতুন বিতর্ক তৈরি হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *