নিজস্ব প্রতিনিধি, বেলডাঙা: গত জানুয়ারি মাসে আলাউদ্দিন নামক এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছিল মুর্শিদাবাদের বেলডাঙা। সেই হিংসাত্মক ঘটনার তদন্তভার হাতে নেওয়ার পর এবার সরাসরি ময়দানে নামল জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)। আজ, ৯ সদস্যের একটি বিশেষ এনআইএ দল বেলডাঙা থানায় এসে পৌঁছায় এবং এলাকায় জোরদার তল্লাশি অভিযান শুরু করে।
তদন্তের স্বার্থে আজ এনআইএ-এর আধিকারিকরা বেলডাঙার সুজাপুর কুমারপুর পঞ্চায়েতের মেদেরধার এলাকায় পৌঁছান। সেখানে হায়দার আলী নামে এক ব্যক্তির বাড়িতে দীর্ঘক্ষণ তল্লাশি চালানো হয়। এরপর জিজ্ঞাসাবাদের পর হায়দার আলীর পুত্র মৌলানা শওকত আলী (আলবেনি)-কে আটক করে কেন্দ্রীয় গোয়েন্দা দল।
এই মৌলানা শওকত আলীকে গত ২২ জানুয়ারি (২২.০১.২৬) পুলিশ আগেই গ্রেপ্তার করেছিল। পরবর্তীতে তিনি জামিনে মুক্তি পেলেও, ঘটনার গুরুত্ব বিবেচনা করে এনআইএ তাকে পুনরায় নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

গত ১৬ জানুয়ারি আলাউদ্দিনের মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা বেলডাঙা এলাকা। ঘটনার প্রতিবাদে পরপর দু’দিন ধরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। উত্তেজিত জনতা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় এবং ১২ নম্বর জাতীয় সড়ক (NH-12) দীর্ঘক্ষণ অবরোধ করে রাখে। একই সাথে ট্রেন অবরোধের জেরে রেল পরিষেবাও ব্যাহত হয়। বিক্ষোভ চলাকালীন রাস্তায় চলাচলকারী একাধিক বাস এবং গাড়ি ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ সে সময় ৩৬ জনকে চিহ্নিত করে গ্রেপ্তার করেছিল। পরবর্তীতে অবশ্য ধৃতরা আদালত থেকে জামিন পেয়ে যান।
কেন তদন্তভার দেওয়া হয়েছিল NIA কে?
সাধারণ আইন-শৃঙ্খলার অবনতি ছাড়িয়ে এই ঘটনার পেছনে অন্য কোনো বড় ষড়যন্ত্র বা উগ্রপন্থী যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে মামলার তদন্তভার গ্রহণ করে NIA।