বহরমপুরে ‘ডিজিটাল অ্যারেস্ট’ আতঙ্কে সর্বস্বান্ত পরিবার

নিউজ ফ্রন্ট, বহরমপুরঃ


এনআইএ এবং সুপ্রিম কোর্টের আধিকারিক সেজে এক ভয়ংকর প্রতারণার ঘটনা ঘটল মুর্শিদাবাদের বহরমপুর থানা এলাকায়। সাইবার অপরাধীদের পাতা ‘ডিজিটাল অ্যারেস্ট’ ও মামলার ফাঁদে ফেলে এক স্থানীয় পরিবারকে সর্বস্বান্ত করার অভিযোগ উঠেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত সেপ্টেম্বর মাসে প্রতারকরা ভুক্তভোগীদের ফোন করে জানায় যে, তাঁদের আধার কার্ডের অপব্যবহার করে মুম্বইয়ের একটি অর্থ পাচার ও জালিয়াতি মামলায় যুক্ত করা হয়েছে। এরপর ভুক্তভোগীদের ওপর তীব্র মানসিক চাপ সৃষ্টি করা হয়, একটানা ভিডিও নজরদারিতে রাখা হয় এবং অবিলম্বে গ্রেফতারির ভয় দেখানো হয়।
এই চরম ভীতি ও হুমকির মুখে পড়ে পরিবারের সদস্যরা বিভিন্ন ধাপে তাঁদের সমস্ত আর্থিক সঞ্চয় হারাতে বাধ্য হন। এর মধ্যে রয়েছে ফিক্সড ডিপোজিট (FD) ভেঙে প্রায় ৬ লক্ষ টাকা তোলা, আরটিজিএস (RTGS)-এর মাধ্যমে ৩০ লক্ষ টাকা স্থানান্তর, পোস্ট অফিসের সিনিয়র সিটিজেন স্কিম অ্যাকাউন্ট অকালে বন্ধ করা এবং একটি ফাইন্যান্স থেকে পরিবারিক সোনা বন্ধক রেখে ১০ লক্ষ টাকার লোন নেওয়া। প্রতারকরা তদন্তের নামে বিষয়টি সম্পূর্ণ গোপন রাখতে নির্দেশ দিয়েছিল এবং সুপ্রিম কোর্টের যাচাইয়ের পর পুরো টাকা ফেরত দেওয়ার মিথ্যা আশ্বাসও দিয়েছিল।
ঘটনার পর সাইবার ক্রাইম হেল্পলাইন এ অভিযোগ জানানোর পাশাপাশি বহরমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *