নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: মুর্শিদাবাদের জেলাসদরে মাদক পাচারের এক বড়সড় নেটওয়ার্কের পর্দাফাঁস করল পুলিশ। সোমবার রাতে বহরমপুরের ওয়াইএমএ (YMA) মাঠের কাছ থেকে ১ কেজি ওজনের খাঁটি হেরোইন-সহ এক যুবককে হাতেনাতে গ্রেফতার করেছে বহরমপুর থানার পুলিশ। উদ্ধার হওয়া এই বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদকের আন্তর্জাতিক বাজারমূল্য আনুমানিক ৭০ লক্ষ টাকা।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত যুবকের নাম ওহিদুল আলি। তার বাড়ি মুর্শিদাবাদের লালগোলা থানার অন্তর্গত মধ্য রামনগর গ্রামে।
বহরমপুর থানা পুলিশের কাছে আগে থেকেই গোপন সূত্রে খবর ছিল যে, সোমবার রাতে শহরে একটি বড়সড় মাদক লেনদেনের ব্লুপ্রিন্ট তৈরি হয়েছে। এই খবরের ওপর ভিত্তি করে বহরমপুর থানার আইসি সন্দীপ সেনের নেতৃতে একটি বিশেষ টিম শহরের বিভিন্ন পয়েন্টে ওত পেতে ছিল।

সোমবার রাতে প্রথমে বহরমপুরের ঐতিহাসিক ব্যারাক স্কোয়ার ময়দানে এক অজ্ঞাতপরিচয় লিঙ্কের কাছ থেকে একটি ব্যাগে ভরা ১ কেজি ওজনের হেরোইনের প্যাকেট সংগ্রহ করে ওহিদুল। ব্যাগটি নিয়ে সে পায়ে হেঁটে ওয়াইএমএ মাঠের পাশ দিয়ে বহরমপুর কোর্ট স্টেশনের দিকে রওনা দেয়। কিন্তু কোর্ট স্টেশনে পৌঁছানোর আগেই ওয়াইএমএ মাঠের কাছে ওত পেতে থাকা পুলিশের বিশেষ টিম তাকে ঘিরে ফেলে। ব্যাগ তল্লাশি করতেই উদ্ধার হয় ১ কেজি ওজনের ওই উচ্চমানের হেরোইন।
উদ্ধার হওয়া হেরোইনের পরিমাণ এবং মূল্য অত্যন্ত বেশি। এই চক্রের পেছনে কোনো আন্তর্জাতিক বা আন্তঃরাজ্য ড্রাগ র্যাকেটের হাত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ওহিদুল কেবল একজন ‘কুরিয়ার’ হিসেবে কাজ করছিল বলেই প্রাথমিক অনুমান।
আজ, মঙ্গলবার ধৃত ওহিদুল আলিকে বহরমপুরের মাদক মামলার বিশেষ আদালতে পেশ করা হবে।