নিজস্ব সংবাদদাতা:
প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বাতিল হওয়া জাতীয় স্তরের মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা NEET-UG 2026 ফের অনুষ্ঠিত হতে চলেছে আগামী ২১ জুন, রবিবার। শুক্রবার নয়াদিল্লিতে সাংবাদিক বৈঠক করে এই ঘোষণা করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।
তিনি জানান, পুনঃপরীক্ষা দুপুর ২টো থেকে বিকেল ৫টা ১৫ মিনিট পর্যন্ত চলবে। পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ১৫ মিনিট সময়ও দেওয়া হবে। আগামী ১৪ জুনের মধ্যে সমস্ত পরীক্ষার্থী নতুন অ্যাডমিট কার্ড পেয়ে যাবেন বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
ধর্মেন্দ্র প্রধান জানান, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় যাতে কোনও ছাত্রছাত্রীর ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত না হয়, সেই কারণেই পরীক্ষা বাতিল করে পুনরায় আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন,“কোনও পরীক্ষার্থীর সঙ্গে অন্যায় হতে দেওয়া হবে না। NEET-UG 2026-এর পরীক্ষার ফি ফেরত দেওয়া হবে এবং পুনঃপরীক্ষার জন্য কোনও অতিরিক্ত টাকা নেওয়া হবে না।” পরীক্ষার্থীদের নিজেদের পছন্দমতো পরীক্ষাকেন্দ্রের শহর বেছে নেওয়ার সুযোগও দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
শিক্ষামন্ত্রী প্রশ্নপত্র ফাঁসকে “অত্যন্ত উদ্বেগজনক” বলে উল্লেখ করেন। তিনি জানান, এই ঘটনায় জড়িত চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তদন্তভার ইতিমধ্যেই CBI-এর হাতে তুলে দেওয়া হয়েছে।
ধর্মেন্দ্র প্রধান বলেন, “পরীক্ষা মাফিয়াদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে, তার জন্য সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।”
বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী জানান, আগামী বছর থেকে NEET-UG পরীক্ষা আর OMR শিটে নয়, সম্পূর্ণ কম্পিউটার ভিত্তিক CBT (Computer Based Test) পদ্ধতিতে নেওয়া হবে। তাঁর মতে, এতে পরীক্ষার স্বচ্ছতা আরও বাড়বে এবং প্রশ্নফাঁস বা কারচুপির সম্ভাবনা কমবে।
ধর্মেন্দ্র প্রধান আরও জানান, রাধাকৃষ্ণ কমিটির সুপারিশ-সহ আগের একাধিক পরামর্শ ইতিমধ্যেই কার্যকর করা হয়েছিল। তারপরও প্রশ্নফাঁসের মতো ঘটনা ঘটায় কেন্দ্র অত্যন্ত উদ্বিগ্ন। তিনি বলেন, “এই ধরনের সংগঠিত চক্রকে কোনওভাবেই রেহাই দেওয়া হবে না।”
দেশজুড়ে লক্ষাধিক ছাত্রছাত্রীর ভবিষ্যতের সঙ্গে জড়িয়ে থাকা এই পরীক্ষাকে ঘিরে নতুন করে যাতে কোনও বিতর্ক না তৈরি হয়, সেদিকেই এখন নজর কেন্দ্রীয় সরকারের।