বহরমপুরে ভাঙ্গা হল ‘বিশ্ব বাংলা’ লোগো বসবে অটল বিহারী বাজপেয়ীর মূর্তি

নিজস্ব সংবাদদাতা, বহরমপুর:
বহরমপুর জেলা জজ কোর্টের সামনে থাকা ‘বিশ্ব বাংলা’ লোগো অপসারণকে কেন্দ্র করে নতুন রাজনৈতিক বিতর্কের সূত্রপাত হয়েছে। সোমবার ওই এলাকা পরিদর্শনে এসে বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র (কাঞ্চন) জানান, দীর্ঘদিন ধরে বিতর্কিত হয়ে ওঠা ওই পরিকাঠামো এবং সংলগ্ন এলাকাকে নতুনভাবে সাজিয়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

বিধায়ক দাবি করেন, ‘বিশ্ব বাংলা’ নামকে সামনে রেখে পূর্ববর্তী শাসনকালে ব্যাপক দুর্নীতি ও অনিয়ম হয়েছে। তাঁর অভিযোগ, সাধারণ মানুষের জন্য তৈরি পার্কটি প্রকৃত উদ্দেশ্য থেকে সরে গিয়ে অসামাজিক কার্যকলাপের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল। সেই কারণেই এলাকাটিকে পুনর্গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

সুব্রত মৈত্র বলেন, জজ কোর্ট সংলগ্ন ওই পার্কটি মূলত মহিলা, শিশু এবং সাধারণ মানুষের বিনোদন ও বিশ্রামের জন্য নির্মিত হয়েছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এলাকাটি অব্যবস্থাপনা ও দখলদারির শিকার হয়েছে বলে তাঁর দাবি। তিনি জানান, আগামী দিনে সেখানে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর মূর্তি স্থাপন করা হবে এবং গোটা এলাকাকে নতুনভাবে সৌন্দর্যায়ন করা হবে।

এদিন তিনি আরও অভিযোগ করেন, পৌরসভার জমিতে নির্মিত শৌচাগার, বাথরুম এবং জল সরবরাহ সংক্রান্ত পরিকাঠামো দীর্ঘদিন ধরে এক ব্যক্তির নিয়ন্ত্রণে ছিল, যার ফলে পৌরসভার কোনও রাজস্ব আদায় হচ্ছিল না। বিষয়টি খতিয়ে দেখে পৌরসভার আধিকারিকদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

বিধায়কের বক্তব্য, ভবিষ্যতে ওই শৌচাগার ও অন্যান্য নাগরিক পরিষেবা সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হবে এবং সেখান থেকে যে আয় হবে তা সরাসরি পৌরসভার তহবিলে জমা পড়বে। পাশাপাশি শহরের বিভিন্ন এলাকায় অবৈধ নির্মাণ, দখলদারি এবং অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

সুব্রত মৈত্রের দাবি, প্রশাসন ও পৌরসভার আধিকারিকরা যৌথভাবে শহরের বিভিন্ন সমস্যার সমাধানে কাজ করছেন এবং জনস্বার্থে এই ধরনের পদক্ষেপ আগামী দিনেও চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *