সব্যসাচী দত্ত গ্রেফতার হতেই ঘনিষ্ঠ নেত্রীর ডেরায় হানা! উদ্ধার কোটি কোটি টাকার সোনা

নিউজ ফ্রন্ট, কলকাতা ২৩ জুন: রাজ্যে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে তৃণমূল কংগ্রেসের অন্দরে একের পর এক ধাক্কা লেগেই রয়েছে। এবার এক চাঞ্চল্যকর অভিযানে তৃণমূলের জেলা পরিষদ সদস্য টিনা ভৌমিক সাহার বাড়ি থেকে প্রায় ৩ কিলোগ্রাম সোনার গয়না উদ্ধার করল পুলিশ। উদ্ধার হওয়া এই বিপুল পরিমাণ সোনার বাজারমূল্য আনুমানিক ৪.৩৯ কোটি টাকা। নদিয়া জেলার করিমপুরের এই ঘটনার নেপথ্যে উঠে এসেছে এক বড়সড় তোলাবাজি ও দুর্নীতির চক্র।

পুলিশ সূত্রে জানা গেছে, এই ঘটনার সূত্রপাত গত ৮ই জুন, যখন বিধাননগর উত্তর থানার পুলিশ তোলাবাজির অভিযোগে এক ব্যবসায়ীকে গ্রেফতার করে। তাঁকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ বিধাননগর পৌরসভার প্রাক্তন মেয়র তথা হেভিওয়েট নেতা সব্যসাচী দত্তের নাম পায়। এরপরই তোলাবাজি, জালিয়াতি এবং দুর্নীতির অভিযোগে সব্যসাচী দত্তকে গ্রেফতার করে বিধাননগর উত্তর থানার পুলিশ।

তদন্তের অগ্রগতির সাথে সাথে পুলিশ জানতে পারে, নদীয়ার করিমপুরের তৃণমূল জেলা পরিষদ সদস্য টিনা ভৌমিক সাহা প্রাক্তন মেয়র সব্যসাচী দত্তের অত্যন্ত ঘনিষ্ঠ। এই সূত্রের ওপর ভিত্তি করেই সোমবার রাতে টিনা ভৌমিক সাহার বাড়িতে আচমকা অভিযান চালায় পুলিশ। তল্লাশি চলাকালীন ঘর থেকে উদ্ধার হয় থরে থরে সাজানো সোনার গয়না, যার ওজন প্রায় ৩ কেজি।

রাজ্যের বর্তমান রাজনৈতিক পট পরিবর্তনের পর যেভাবে একের পর এক তৃণমূল নেতার বাড়ি থেকে কোটি কোটি টাকার সম্পত্তি ও সোনা উদ্ধার হচ্ছে, তাতে তৃণমূল শিবিরের অন্দরে অস্বস্তি ও আতঙ্ক চরম পর্যায়ে পৌঁছেছে। পুলিশ এই ঘটনার নেপথ্যে আরও বড় কোনো আর্থিক লেনদেনের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *