কলকাতা, ২৬ জুন: কলকাতার তারাতলায় নির্মীয়মাণ ভবন ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫। এই মর্মান্তিক দুর্ঘটনার পর রাজ্য সরকার একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধ করতে কলকাতা ও সংলগ্ন একাধিক পুর এলাকায় নির্মীয়মাণ ভবনের নিরাপত্তা ও নির্মাণমান খতিয়ে দেখতে বিশেষ অডিটের নির্দেশ দেওয়া হয়েছে।
রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী, অতিরিক্ত মুখ্যসচিব রাজেশ পাণ্ডের নেতৃত্বে গঠিত ১১ সদস্যের বিশেষ অডিট কমিটি শুক্রবার থেকেই কাজ শুরু করবে। এই কমিটি কলকাতা পুরনিগমের পাশাপাশি বিধাননগর, নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি (NKDA), পুজালি, বজবজ, মহেশতলা, রাজপুর-সোনারপুর, দক্ষিণ দমদম, বরানগর এবং কামারহাটি এলাকার নির্মীয়মাণ ভবনগুলির নিরাপত্তা, নির্মাণ পদ্ধতি এবং অনুমোদিত নকশা অনুযায়ী কাজ হয়েছে কি না, তা খতিয়ে দেখবে।
তারাতলা বিপর্যয়ের সঙ্গে যুক্ত স্থপতি (Architect), ইঞ্জিনিয়ার এবং প্ল্যানারদের ইতিমধ্যেই কলকাতা পুরনিগম কালো তালিকাভুক্ত (Blacklist) করেছে। সরকার জানিয়েছে, তদন্তে যদি অন্য কোনও প্রকল্পেও একই ধরনের গাফিলতি বা নির্মাণে অনিয়ম ধরা পড়ে, তাহলে সংশ্লিষ্ট স্থপতি, ইঞ্জিনিয়ার ও পরিকল্পনাকারীদের বিরুদ্ধেও কঠোর প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়াও ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনায় দ্রুত উদ্ধারকাজ পরিচালনার জন্য জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF)-এর আদলে ২০০ সদস্যের একটি বিশেষ উদ্ধারকারী দল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই দলে পাহাড়ি অঞ্চল থেকে ৫০ জন, সুন্দরবন এলাকা থেকে ৫০ জন এবং রাজ্যের অগ্নিনির্বাপণ বিভাগের কর্মীদেরও অন্তর্ভুক্ত করা হবে। উদ্দেশ্য, যে কোনও দুর্যোগে আরও দ্রুত, দক্ষ এবং সমন্বিত উদ্ধার অভিযান পরিচালনা করা। রাজ্য সরকারের দাবি, তারাতলা দুর্ঘটনার পুনরাবৃত্তি রুখতে নির্মাণ সংক্রান্ত সমস্ত নিরাপত্তা বিধি কঠোরভাবে কার্যকর করা হবে এবং কোনও ধরনের অবহেলা বরদাস্ত করা হবে না।