রেজিনগরে এবার বাজবে না হুমায়ুনের ‘বাঁশি’? প্রতীক বরাদ্দের দৌড়ে এগিয়ে ‘টেবিল’

নিজস্ব প্রতিবেদন: নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা উপনির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দের চূড়ান্ত প্রক্রিয়া শুরু হতে চলেছে। শনিবার দুপুর তিনটের পর নির্বাচন কমিশনের তরফে দুই কেন্দ্রের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতীক চিহ্ন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। তবে রেজিনগরে হুমায়ুন কবীরের দল ‘আমজনতা উন্নয়ন পার্টি’র প্রতীক পাওয়া নিয়ে রাজনৈতিক মহলে তীব্র কৌতূহল তৈরি হয়েছে।

দলীয় সূত্রে খবর, আমজনতা উন্নয়ন পার্টির তরফে কমিশনের কাছে ‘বাঁশি’ (Whistle) এবং ‘টেবিল’ (Table)—এই দুটি প্রতীক চেয়ে আবেদন জানানো হয়েছিল। গত বিধানসভা নির্বাচনে হুমায়ুনের দলের প্রার্থীরা ‘বাঁশি’ চিহ্ন নিয়েই ভোটের ময়দানে লড়াই করেছিলেন। তবে কমিশন সূত্রে জানা গিয়েছে, এবার আর তাঁদের হাতে ‘বাঁশি’ ওঠার সম্ভাবনা কার্যত নেই বললেই চলে। জাতীয় নির্বাচন কমিশন তামিলনাড়ুর রাজনৈতিক দল ‘টিভিকে’-র জন্য এই প্রতীকটি সংরক্ষিত রাখায় তা অন্য কোনও দলকে বরাদ্দ করা যাচ্ছে না।

ফলে বিকল্প হিসেবে আমজনতা উন্নয়ন পার্টির অনুকূলে ‘টেবিল’ প্রতীকটি বরাদ্দ হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। তবে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, আমজনতা উন্নয়ন পার্টি নির্বাচন কমিশনে নিবন্ধিত হলেও এখনও স্বীকৃত (Recognised) রাজনৈতিক দল নয়। তাই নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, অগ্রাধিকার তালিকায় থাকা প্রতীকের বাইরে কমিশনের নিজস্ব তালিকাভুক্ত অন্য কোনও ‘মুক্ত প্রতীক’ (Free Symbol)-ও তাদের জন্য বরাদ্দ হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *