বহরমপুর বাসস্ট্যান্ডে ১৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার এক

বহরমপুর মোহনা বাসস্ট্যান্ড থেকে প্রায় ১৬ কেজি গাঁজা-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল বহরমপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাত প্রায় ১১টা নাগাদ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখান থেকেই রবিউল শেখ নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

ধৃত রবিউল শেখের বাড়ি নওদা থানার মধুপুর এলাকায় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তাঁর কাছ থেকে একটি বড় সুটকেস উদ্ধার করা হয়। পুলিশি তল্লাশিতে সুটকেসের ভিতর থেকে আটটি প্যাকেটে রাখা প্রায় ১৬ কেজি গাঁজা উদ্ধার হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে ধৃত জানিয়েছে, কলকাতা থেকে একটি বেসরকারি বাসে করে ওই গাঁজা নিয়ে আসছিল সে। পরে ডোমকল এলাকায় এক ব্যক্তির কাছে গাঁজাগুলি পৌঁছে দেওয়ার কথা ছিল। তবে তার আগেই বহরমপুর বাসস্ট্যান্ডে পুলিশের হাতে ধরা পড়ে রবিউল।

ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না এবং গাঁজা কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃতকে শনিবার আদালতে পেশ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *