উপনির্বাচনের মুখে হরিহরপাড়ায় উদ্ধার অস্ত্র ও জাল নোট, পুলিশের জালে AJUP-র রাজ্য সম্পাদক আশিক ইকবাল সহ ২

নিজস্ব প্রতিবেদন, হরিহরপাড়া: রেজিনগর উপনির্বাচনের উত্তাপের মাঝেই মুর্শিদাবাদে ফের বড়সড় পুলিশি সাফল্য। হরিহরপাড়ায় নাকা তল্লাশি চলাকালীন উদ্ধার হলো বেআইনি আগ্নেয়াস্ত্র, তাজা কার্তুজ এবং প্রচুর পরিমাণ জাল নোট। এই ঘটনায় আমজনতা উন্নয়ন পার্টির (AJUP) রাজ্য সম্পাদক আশিক ইকবাল সহ মোট দু’জনকে গ্রেফতার করেছে হরিহরপাড়া থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর, শুক্রবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে হরিহরপাড়ার গাড়িনামা এলাকায় কড়া নাকা চেকিং চালাচ্ছিল পুলিশ। সে সময় একটি স্করপিও গাড়িকে সন্দেহভাজন হিসেবে দাঁড় করিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে গাড়িটি থেকে উদ্ধার হয় ২টি আগ্নেয়াস্ত্র, ৪টি গুলি এবং ১০৮টি ৫০০ টাকার ভারতীয় জাল নোট (যার মোট আর্থিক মূল্য ৫৪ হাজার টাকা)।

ঘটনাস্থল থেকেই স্করপিও গাড়িটি বাজেয়াপ্ত করে গাড়িতে থাকা আমজনতা উন্নয়ন পার্টির রাজ্য সম্পাদক আশিক ইকবাল ও তাঁর সঙ্গীকে পাকড়াও করে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে শনিবার বহরমপুর আদালতে পেশ করা হয়। এই জাল নোট ও আগ্নেয়াস্ত্র ভোটের কোনো উদ্দেশ্যে আনা হচ্ছিল তা খতিয়ে দেখতে অভিযুক্তদের ৭ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়েছে তদন্তকারী পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *