নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: রাজ্যের মহিলাদের জন্য চালু হওয়া অতি জনপ্রিয় প্রকল্প ‘লক্ষ্মীর ভাণ্ডার’। অথচ, সেই প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে বা সুবিধা আত্মসাৎ করার অভিযোগে একের পর এক পুরুষ অভিযুক্ত ধরা পড়ছে। সোমবার রঘুনাথগঞ্জ বিধানসভার অন্তর্গত রাইচক বোলতলা এলাকায় হানা দিয়ে কাদিরুল শেখ এবং তারিকুল শেখ নামে দুজনকে গ্রেপ্তার করল বহরমপুর থানা ও জঙ্গিপুর পুলিশ ফাঁড়ির যৌথ বাহিনী। এই গ্রেপ্তারের ফলে লক্ষ্মীর ভাণ্ডার দুর্নীতির ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬-এ।
পুলিশ সূত্রে খবর, ধৃত সরিফুলকে জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতেই এই অভিযানে নামে পুলিশ। ধৃতদের মধ্যে কাদিরুল শেখ (পিতা কাওসার শেখ) এবং তারিকুল শেখের (পিতা আব্দুল শেখ) বিরুদ্ধে অভিযোগ, তারা সরকারি প্রকল্পের প্রকৃত সুবিধাভোগীদের তথ্য চুরি করে বা অপব্যবহার করে প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাৎ করছিল। বহরমপুর থানার পুলিশ ও জঙ্গিপুর ফাঁড়ির পুলিশের একটি বিশেষ দল সোমবার মিঠিপুর-রাইচকের বোলতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
প্রকল্পটি মূলত মহিলাদের আর্থিক স্বনির্ভরতার জন্য চালু করা হয়েছিল। তাহলে কীভাবে পুরুষরা এই চক্রের সঙ্গে জড়িয়ে পড়ল বা সুবিধাভোগীর তালিকায় তাদের নাম যুক্ত হল? এই প্রশ্নই এখন স্থানীয় এলাকাবাসী এবং রাজনৈতিক মহলে বড়সড় আলোচনার জন্ম দিয়েছে। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, কোনো একটি বড় চক্র এর নেপথ্যে কাজ করছে। প্রকৃত উপভোক্তাদের বঞ্চিত করে সরকারি অর্থ তছরুপের এই ঘটনায় আরও অনেকে জড়িত থাকতে পারে বলে মনে করা হচ্ছে।
ধৃতদের জেরা করে ও নথিপত্র খতিয়ে দেখে তদন্তকারীরা আরও বড় কোনো লিঙ্কের খোঁজে রয়েছেন। এই ঘটনায় আরও নতুন গ্রেপ্তারের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
পুলিশ সুত্রে খবর মঙ্গলবার ধৃত দুজনকে ১৪ দিনের পুলিশ হেপাজত চেয়ে কোর্টে পাঠানো হবে।