নিজস্ব প্রতিনিধি, কদমতলা, ৮ জুন: উত্তর ত্রিপুরার কদমতলা সীমান্ত এলাকায় ফের প্রকাশ্যে এল অবৈধ অনুপ্রবেশের ঘটনা। অবৈধভাবে ভারতে প্রবেশ এবং পরবর্তীতে পুনরায় বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টার অভিযোগে ৩ জন বাংলাদেশি নাগরিক সহ ১ জন ভারতীয় অটোচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। সীমান্ত এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত ৭ জুন গভীর রাতে রানিবাড়ি বিএসএফ বিওপি (BOP) সংলগ্ন সীমান্ত এলাকায় টহল চলাকালীন জওয়ানদের নজরে পড়ে একটি ই-রিকশা। সন্দেহ হওয়ায় বিএসএফ জওয়ানরা অটোটিকে আটক করে তল্লাশি চালায়। অটোটিতে থাকা তিন যাত্রী বৈধ কোনো নথিপত্র দেখাতে না পারায় তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর বিএসএফ জওয়ানরা ধৃত তিন বাংলাদেশি নাগরিক এবং অটোচালককে কদমতলা থানার পুলিশের হাতে তুলে দেয়।
পুলিশি জেরায় ধৃতরা নিজেদের বাংলাদেশি নাগরিক বলে স্বীকার করে। তাদের মধ্যে সোহেল মিয়া নামে এক যুবক জানিয়েছে, প্রায় তিন মাস আগে স্থানীয় কিছু এজেন্টের সহায়তায় সে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল। এরপর থেকে সে পেচরথল থানার অন্তর্গত শান্তিপুর এলাকায় আত্মগোপন করে ছিল। গত রাতে অটোচালক মানিক রায়ের সহায়তায় তারা পুনরায় বাংলাদেশে ফিরে যাওয়ার পরিকল্পনা করেছিল বলে পুলিশের কাছে স্বীকার করেছে।
এই ঘটনায় কদমতলা থানায় ‘অভিবাসন ও বিদেশি আইন, ২০২৫’-এর ধারা ২১ ও ২৩(ক)-এর অধীনে মামলা রুজু করা হয়েছে। ধৃতদের পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের ভারতে প্রবেশের পেছনে ঠিক কী উদ্দেশ্য ছিল এবং এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক (SDPO) জয়ন্ত কর্মকার জানান, ঘটনার বিস্তারিত তদন্ত চলছে। তিনি আরও বলেন, “সীমান্তবর্তী এলাকায় অবৈধ অনুপ্রবেশের চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে এবং স্থানীয়ভাবে কারা এদের সাহায্য করছিল, তাদের সন্ধানে জোরদার তল্লাশি চালানো হচ্ছে। খুব দ্রুতই মূল চক্রীদের গ্রেপ্তার করা সম্ভব হবে।”