তামিলনাড়ু রাজনীতিতে নাটকীয় মোড়: আগামীকাল আস্থা ভোট, বিজয় সরকারকে সমর্থন দিচ্ছে AIADMK-র ৩০ বিধায়ক

চেন্নাই: তামিলনাড়ুর নবনির্বাচিত সরকার এবং মুখ্যমন্ত্রী জোসেফ বিজয়ের জন্য আগামীকাল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। বিধানসভায় আগামীকাল আয়োজিত হতে চলেছে আস্থা ভোট (Floor Test)। তবে এই পরীক্ষার ঠিক আগের দিনই রাজ্যের প্রধান বিরোধী দল অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুনেত্র কাজগম (AIADMK)-এর অন্দরে বড়সড় ফাটল দেখা দেওয়ায় নাটকীয় মোড় নিয়েছে দক্ষিণী রাজনীতি।

টিভিকে (TVK) সরকারকে সমর্থন করা নিয়ে এআইএডিএমকে এখন দুই শিবিরে বিভক্ত। দলের সাধারণ সম্পাদক তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী ইডাপ্পাদি কে. পলানিস্বামীর (EPS) নেতৃত্বাধীন গোষ্ঠী সাফ জানিয়ে দিয়েছে যে তারা জোসেফ বিজয়ের সরকারকে কোনোভাবেই সমর্থন করবে না। দলের প্রবীণ নেতা অগ্রি কৃষ্ণমূর্তি আজ স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “দলের নির্দেশ বা হুইপ অমান্য করে কোনো বিধায়ক যদি সরকারের পক্ষে ভোট দেন, তবে তাঁকে অবিলম্বে দল থেকে বহিষ্কার করা হবে।”

পলানিস্বামীর নির্দেশের পরোয়া না করেই দলের একটি বড় অংশ প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা করেছে। ৩০ জন বিধায়ক নিয়ে গঠিত এই বিদ্রোহী গোষ্ঠীটি এস. পি. ভেলুমানিকে তাদের পরিষদীয় নেতা হিসেবে নির্বাচিত করেছে। আজ প্রাক্তন মন্ত্রী সি. ভি. শানমুগমের বাসভবনে এক রুদ্ধদ্বার বৈঠকের পর বিদ্রোহী নেতারা সংবাদমাধ্যমের সামনে আসেন। শানমুগম ঘোষণা করেন যে, রাজ্যের স্থিতিশীলতার স্বার্থে তাঁদের এই ৩০ জনের গোষ্ঠী আগামীকাল আস্থা ভোটে টিভিকে সরকারের পক্ষেই অবস্থান নেবে।

বিজয় সরকারের জন্য আরও স্বস্তির খবর নিয়ে এসেছেন আম্মা মাক্কাল মুনেত্র কাজগম (AMMK)-এর একমাত্র বিধায়ক এস. কামরাজ। তিনি আজ জোসেফ বিজয়কে সমর্থনের কথা ঘোষণা করেন। যদিও এই সিদ্ধান্তের কারণে তাঁর দল তাঁকে আজই বহিষ্কার করেছে।

আগামীকালকের বিধানসভা অধিবেশনকে সামনে রেখে মুখ্যমন্ত্রী জোসেফ বিজয় গতকাল থেকেই তাঁর মিত্রশক্তি ও সহযোগী দলগুলোর নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এআইএডিএমকে-র বিদ্রোহী গোষ্ঠী এবং অন্যান্য শরিকদের সমর্থনে বিজয়ের পাল্লা এখন যথেষ্ট ভারী। বর্তমানে তামিলনাড়ু বিধানসভায় টিভিকে সরকার প্রায় ১৫০ জন বিধায়কের সমর্থন পেতে পারে বলে ধারণা করা হচ্ছে, যা ম্যাজিক ফিগার পার করার জন্য যথেষ্ট।
এখন সবার নজর আগামীকালের বিধানসভা অধিবেশনের দিকে। জোসেফ বিজয় কি পারবেন এই রাজনৈতিক ঝড়ের মাঝে নিজের ক্ষমতা ধরে রাখতে, নাকি পলানিস্বামীর নেতৃত্বাধীন এআইএডিএমকে কোনো বড় চমক দেবে? উত্তর মিলবে আগামীকালের আস্থা ভোটেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *