প্রস্তুতি প্রায় শেষ: জানালেন জেলা শাসক আর. অর্জুন
নিউজ ফ্রন্ট, বহরমপুর, ২৪ জুলাই:
ভারত সরকারের জনগণনা ২০২৭-এর প্রথম পর্যায় আগামী ১ আগস্ট ২০২৬ থেকে পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে। দেশের ইতিহাসে এই প্রথম সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে জনগণনা পরিচালিত হবে। শুক্রবার সাংবাদিক বৈঠকে এ কথা জানান মুর্শিদাবাদের জেলা শাসক আর. অর্জুন (আইএএস)।
তিনি জানান, জনগণনা দুটি ধাপে সম্পন্ন হবে। প্রথম ধাপে গৃহ তালিকা ও গৃহ গণনা (House Listing & Housing Census) এবং দ্বিতীয় ধাপে জনসংখ্যা গণনা (Population Enumeration) করা হবে। পশ্চিমবঙ্গে প্রথম পর্যায় চলবে ১ আগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত। এরপর নির্ধারিত সময়সূচি অনুযায়ী ফেব্রুয়ারি ২০২৭-এ দ্বিতীয় পর্যায়ের জনসংখ্যা গণনা হবে।

জেলা শাসক বলেন, প্রথম পর্যায় আবার দুটি ভাগে বিভক্ত। ১ আগস্ট থেকে ১৪ আগস্ট পর্যন্ত চলবে স্ব-গণনা (Self Enumeration)। এই সময়ে সাধারণ মানুষ নির্দিষ্ট অনলাইন পোর্টালের মাধ্যমে নিজেদের এবং পরিবারের সদস্যদের তথ্য স্বেচ্ছায় নিবন্ধন করতে পারবেন। এরপর ১৬ আগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে বাড়ি বাড়ি সমীক্ষা (House-to-House Survey)। প্রশিক্ষিত গণনাকারীরা প্রতিটি বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ করবেন এবং মোবাইল অ্যাপের মাধ্যমে তা সরাসরি ডিজিটাল পোর্টালে আপলোড করবেন।

মুর্শিদাবাদে প্রস্তুতি প্রায় সম্পূর্ণ
জেলা শাসক জানান, জনগণনা ২০২৭-কে সামনে রেখে মুর্শিদাবাদ জেলায় প্রস্তুতির কাজ দ্রুতগতিতে চলছে। জেলায় মোট ২৯টি চার্জ এবং ১৩,২২৯টি হাউস লিস্টিং ব্লক (HLB) রয়েছে। এর মধ্যে গ্রামীণ এলাকায় ১১,৮৪৭টি এবং শহরাঞ্চলে ১,৩৮২টি হাউস লিস্টিং ব্লক চিহ্নিত করা হয়েছে।
তিনি জানান, এইচএলবি নির্ধারণ, ডিমার্কেশন এবং জিও-ট্যাগিংয়ের কাজ ৯৭ শতাংশেরও বেশি সম্পন্ন হয়েছে। বাকি কাজও খুব শীঘ্রই শেষ হবে।
জনগণনার জন্য জেলায় ১৪,৫৫২ জন গণনাকারী (Enumerator) এবং ২,১৪৭ জন তত্ত্বাবধায়ক (Supervisor) নির্বাচন করা হয়েছে। বর্তমানে ব্লক ও পৌরসভা স্তরে তাঁদের প্রশিক্ষণ চলছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই তা শেষ হবে।
জেলা শাসক আরও জানান, জনগণনার সমস্ত কার্যক্রম মহকুমা স্তরে নিয়মিত পর্যবেক্ষণ করা হবে। পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা শাসকের কার্যালয় থেকে সার্বিকভাবে মনিটরিং করা হবে।
কীভাবে করবেন স্ব-গণনা?
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ১ আগস্ট থেকে ১৫ আগস্ট ২০২৬ পর্যন্ত প্রতিদিন সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত নাগরিকরা https://se.census.gov.in পোর্টালে প্রবেশ করে স্ব-গণনা করতে পারবেন।
স্ব-গণনার জন্য নাগরিকদের:
রাজ্য নির্বাচন করতে হবে।
ক্যাপচা পূরণ করতে হবে।
পরিবারের প্রধানের নাম ও একটি বৈধ ১০ সংখ্যার মোবাইল নম্বর দিতে হবে।
ওটিপি যাচাই সম্পন্ন করতে হবে।
পছন্দের ভাষা নির্বাচন করতে হবে।
ডিজিটাল মানচিত্রে নিজের বাড়ির সঠিক অবস্থান চিহ্নিত করতে হবে।
এরপর প্রয়োজনীয় তথ্য পূরণ করে জমা দিতে হবে।
বিশেষ কর্মসূচি
জেলা শাসক জানান, সাধারণ মানুষকে স্ব-গণনায় উৎসাহিত করতে ১ আগস্ট জেলা, মহকুমা, ব্লক ও পৌরসভা স্তরের সমস্ত সরকারি দফতরে বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে স্ব-গণনা কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হবে। এই সচেতনতামূলক কর্মসূচি ১৫ আগস্ট পর্যন্ত চলবে।
সাংবাদিক বৈঠকের শেষে জেলা শাসক আর. অর্জুন জেলার সকল নাগরিকের কাছে আবেদন জানান, স্ব-গণনায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে এবং বাড়ি বাড়ি সমীক্ষার সময় গণনাকারীদের প্রয়োজনীয় সহযোগিতা করতে। তিনি বলেন, “সকলের সহযোগিতায় ভারতের প্রথম সম্পূর্ণ ডিজিটাল জনগণনা সফলভাবে সম্পন্ন হবে।”