শুক্রবার রেজিনগর বিধানসভা এলাকায় আসন্ন উপনির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি শুরু করে দিল আমজনতা উন্নয়ন পার্টি। এদিন প্রথমে দলের সহযোগীদের নিয়ে দলীয় পতাকা হাতে একটি মিছিল করা হয় এলাকায়। এরপর উপনির্বাচনের প্রস্তুতি হিসেবে পুত্র গোলাম নবি আজাদ ওরফে রবিনের নাম দিয়ে বেশ কয়েকটি দেওয়াল লিখন শুরু করেন বিধায়ক হুমায়ুন কবীর নিজে। পরবর্তীতে দলীয় কর্মীরা সেই দেওয়াল লিখনের কাজ চালিয়ে যান।
এদিন বহরমপুরে ফিরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক হুমায়ুন কবীর জানান, পুজোর আগেই উপনির্বাচন হওয়ার সম্ভাবনা প্রবল। তাঁর কথায়, নন্দীগ্রাম ও রেজিনগর, এই দুটি বিধানসভা কেন্দ্রের পাশাপাশি বসিরহাট লোকসভা কেন্দ্রেও উপনির্বাচন হতে পারে বলে তিনি মনে করছেন।

নির্বাচন প্রক্রিয়ার সময়সীমা প্রসঙ্গে তিনি ব্যাখ্যা করেন, সাধারণ নির্বাচনে স্বাভাবিক নিয়মে ৪২ দিনের বেশি সময় হাতে থাকে, কিন্তু উপনির্বাচনের ক্ষেত্রে নির্বাচন কমিশন অনেক সময় ২৮ থেকে ৩২ দিনের মধ্যেই ভোট সম্পন্ন করে এবং ৩২ থেকে ৩৪ দিনের মধ্যে গণনা সম্পূর্ণ করে দেয়। যেহেতু আগস্ট মাসের মাঝামাঝি সময় চলে এসেছে, তাই পুজোর আগে ভোট করাতে হলে আগস্টের মধ্যেই বিজ্ঞপ্তি জারি হয়ে যাবে বলে তাঁর আশা। তিনি জানান, পুজোর সময় সরকারি কর্মীরা সাধারণত ছুটিতে থাকেন এবং অক্টোবরের গোড়া থেকেই পুজোর প্রস্তুতি শুরু হয়ে যায়, তাই সেই সময়সীমার আগেই নির্বাচন কমিশন রাজ্যের দুটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন ঘোষণা করবে বলে তিনি মনে করেন।
নিজের আসনের প্রসঙ্গে হুমায়ুন কবীর জানান, গত নির্বাচনে বিজেপির বিরুদ্ধে তাঁর জয়ের ব্যবধান ছিল ৫৮ হাজার ৯০০ ভোট। অন্যদিকে তৎকালীন শাসক দল তৃণমূল কংগ্রেস, যে দল আজ ভেঙে খণ্ড-বিখণ্ড হয়ে গেছে বলে তিনি দাবি করেন, তাদের বিরুদ্ধে তাঁর জয়ের ব্যবধান ছিল ৮১ হাজার ৬০০ ভোট।

বিধায়ক আরও বলেন, রেজিনগরের মানুষ আসন্ন উপনির্বাচনেও তাঁদের পাশে থাকবেন এবং তাঁদের সমর্থন করবেন বলে তিনি প্রত্যাশা রাখেন। তিনি জানান, রেজিনগরবাসীর প্রতি তাঁদের যে কর্তব্য ও কর্মপদ্ধতি, তা আগামী দিনেও অব্যাহত থাকবে।
এই প্রেক্ষাপটেই আজ আনুষ্ঠানিকভাবে দলের প্রার্থী হিসেবে নিজের পুত্র গোলাম নবি আজাদ ওরফে রবিনের নাম দিয়ে দেওয়াল লিখন শুরু করা হয়েছে বলে জানান হুমায়ুন কবীর। তিনি জানান, আগামী এক সপ্তাহের মধ্যেই নির্বাচনী প্রচারের যাবতীয় কর্মকাণ্ড পুরোদমে শুরু করবে তাঁর দল।