বিতর্কিত মন্তব্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর

নিউজ ফ্রন্ট, কলকাতা | ১৬ মে, ২০২৬: আপত্তিকর ও উস্কানিমূলক মন্তব্যের জেরে আইনি বেড়াজালে জড়ালেন তৃণমূল কংগ্রেস (TMC) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে কলকাতার বিধাননগর সাইবার ক্রাইম থানায় একটি এফআইআর (FIR) দায়ের করা হয়েছে। নির্বাচনী প্রচার চলাকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রশাসনের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

তদন্তকারী আধিকারিকদের সূত্রে খবর, নির্বাচনী প্রচারের সময় দেওয়া কয়েকটি ভাষণের ভিডিও ক্লিপিংস খতিয়ে দেখে এই এফআইআর রুজু করা হয়েছে। অভিষেকের বিরুদ্ধে মূলত তিনটি প্রধান অভিযোগ আনা হয়েছে। নির্বাচনী জনসভায় আইন-শৃঙ্খলা বিঘ্নিত করতে পারে এমন প্ররোচনামূলক বক্তব্য রাখা। নির্বাচনী প্রচারে ডিজে (DJ) বাজানো এবং তা নিয়ে তৈরি হওয়া প্রশাসনিক কড়াকড়ি নিয়ে বিতর্কিত মন্তব্য। দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে অত্যন্ত আপত্তিকর ও মর্যাদাহানিকর শব্দপ্রয়োগ।

পুলিশ সূত্রে খবর, মহেশতলা, হরিণঘাটা এবং নন্দীগ্রামের নির্বাচনী জনসভাগুলির ভিডিও ক্লিপিংসের ভিত্তিতেই এই অভিযোগ দায়ের করা হয়েছে। সংশ্লিষ্ট ভিডিও ফুটেজ ইতিমধ্যেই তদন্তের অংশ হিসেবে সংগ্রহ করেছে তদন্তকারী আধিকারিকরা।

সাইবার থানার আধিকারিকরা এখন বক্তব্যগুলির প্রকৃতি, তার প্রভাব এবং নির্বাচনী আচরণবিধি ভঙ্গ হয়েছে কি না, তা খতিয়ে দেখছেন।

যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *