নিয়োগ দুর্নীতির তদন্ত এবার CBI-এর হাতে, বড় সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকারের

নিজস্ব সংবাদদাতা:
শিক্ষক নিয়োগ, পুর নিয়োগ এবং সমবায় পরিষেবা নিয়োগ দুর্নীতি মামলার তদন্তভার এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI-এর হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার। বুধবার এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেন, আগের তৃণমূল সরকার এই দুর্নীতির ঘটনাগুলিতে কার্যকর কোনও পদক্ষেপ নেয়নি। বর্তমান সরকার “প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি” নিয়েই এগোচ্ছে বলে জানান তিনি।

মুখ্যমন্ত্রী বলেন, “যে সমস্ত নিয়োগ দুর্নীতির অভিযোগে দীর্ঘদিন ধরে রাজ্যজুড়ে বিতর্ক চলছে, সেগুলির নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। তাই সরকার CBI তদন্তের সিদ্ধান্ত নিয়েছে।”

শিক্ষক নিয়োগ দুর্নীতি, পুরসভায় চাকরি নিয়োগ এবং সমবায় পরিষেবার বিভিন্ন নিয়োগ প্রক্রিয়া নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন উঠছিল। ইতিমধ্যে একাধিক মামলায় আদালতের হস্তক্ষেপও দেখা গিয়েছে। এবার সরকারিভাবে সেই তদন্ত CBI-এর হাতে তুলে দেওয়ার সিদ্ধান্তকে রাজনৈতিক মহল অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে।

এদিন আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আন্তঃরাজ্য আলু, পেঁয়াজ, ফল, শাকসবজি, তৈলবীজ, খাদ্যশস্য ও প্রাণিজ পণ্যের পরিবহণে থাকা সমস্ত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।

সরকারি সূত্রে জানা গিয়েছে, আগের সরকারের জারি করা বিধিনিষেধের কারণে আলু চাষি ও ব্যবসায়ীদের বড়সড় ক্ষতির মুখে পড়তে হয়েছিল। বিজেপি ভোটের আগে এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রতিশ্রুতি দিয়েছিল। সরকার ক্ষমতায় আসার পর সেই প্রতিশ্রুতিই কার্যকর করা হলো।

রাজ্য সরকার আরও জানিয়েছে, অবসরের পর যাঁদের পুনর্নিয়োগ করা হয়েছিল, সেই সমস্ত কর্মীদের পরিষেবা বাতিল করা হয়েছে। ইতিমধ্যেই এ সংক্রান্ত একাধিক সরকারি নির্দেশিকা জারি হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর। সরকারের দাবি, প্রশাসনে স্বচ্ছতা এবং আর্থিক শৃঙ্খলা বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একদিনে একাধিক প্রশাসনিক ও দুর্নীতি বিরোধী পদক্ষেপ ঘোষণার পর রাজ্যের রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *