কড়া নিরাপত্তায় মুড়ল ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভোট গ্রহণ শেষ হতেই এবার নজর গণনার প্রস্তুতির দিকে। আজ, ৩০শে এপ্রিল বিকেল ৪টে থেকে কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে অবস্থিত জেলা স্ট্রং রুমে পোস্টাল ব্যালটগুলি আলাদা করার বা বাছাই করার কাজ শুরু করল ভারতের নির্বাচন কমিশন। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত নিয়ম মেনেই সমস্ত রাজনৈতিক দলকে অবগত করার পর এই প্রক্রিয়া শুরু করা হয়েছে।
নির্বাচন কমিশন জানিয়েছে, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের ভেতরে মোট সাতটি বিধানসভা কেন্দ্রের (AC) জন্য আলাদা আলাদা স্ট্রং রুম তৈরি করা হয়েছে। ভোট গ্রহণ শেষ হওয়ার পর প্রার্থী, নির্বাচনী এজেন্ট এবং সাধারণ পর্যবেক্ষকদের উপস্থিতিতে প্রতিটি স্ট্রং রুম যথাযথভাবে বন্ধ করে সিল করে দেওয়া হয়েছে। আজ ভোরে আনুমানিক ৫টা ১৫ মিনিট নাগাদ শেষ স্ট্রং রুমটি সিল করার প্রক্রিয়া সম্পন্ন হয়।
কমিশন সূত্রে খবর, ইভিএম (EVM) রাখা স্ট্রং রুমগুলো সম্পূর্ণ সুরক্ষিত এবং তালাবন্ধ অবস্থায় রয়েছে। একই চত্বরের ভেতরে পোস্টাল ব্যালটের জন্য একটি পৃথক স্ট্রং রুম নির্দিষ্ট করা হয়েছে। সেখানে নির্বাচনী কর্মীদের দ্বারা প্রদান করা ব্যালট এবং ইলেকট্রনিক্যালি ট্রান্সমিটেড পোস্টাল ব্যালট (ETBPS) বিধানসভা কেন্দ্র অনুযায়ী সাজিয়ে রাখার কাজ শুরু হয়েছে। স্ট্রং রুমের করিডোরে বিকেল ৪টে থেকে এই বাছাই পর্ব চলছে।
পুরো প্রক্রিয়াটিতে স্বচ্ছতা বজায় রাখতে সমস্ত পর্যবেক্ষক এবং রিটার্নিং অফিসারদের (RO) আগেই জানানো হয়েছিল। রিটার্নিং অফিসাররা ইমেলের মাধ্যমে নিজ নিজ প্রার্থী ও তাঁদের এজেন্টদের এই বিষয়ে সরকারিভাবে অবহিত করেন। আজ এই পুরো আয়োজন এবং ব্যালট বাছাইয়ের প্রক্রিয়াটি ঘুরে দেখেন তৃণমূল নেতা কুণাল ঘোষ, শশী পাঁজ এবং বিজেপির পক্ষ থেকে কালী। রাজনৈতিক প্রতিনিধিদের উপস্থিতিতেই এই বাছাই পর্ব সম্পন্ন করা হচ্ছে বলে কমিশন জানিয়েছে।
আগামী ৪ঠা মে গণনার দিন পর্যন্ত এই স্ট্রং রুমগুলো কেন্দ্রীয় বাহিনীর ত্রিস্তরীয় নিরাপত্তায় ঢাকা থাকবে। ইভিএম এবং ব্যালটের সুরক্ষায় কোনো খামতি রাখা হচ্ছে না বলে আশ্বস্ত করেছে নির্বাচন কমিশন।