নিউজ ফ্রন্ট | চেন্নাই, ২৮ সেপ্টেম্বর ২০২৫
তামিলনাড়ুর করুরে একটি রাজনৈতিক জনসভায় পদদলিত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯। আহত হয়েছেন আরও অন্তত ৫০ জন, যাদের মধ্যে ২৩ জন বর্তমানে আইসিইউতে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। জনসভাটি আয়োজন করেছিল অভিনেতা-রাজনীতিবিদ বিজয়ের দল তামিলাগা ভেট্রি কাজগম (TVK)।
মর্মান্তিক এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিন। তিনি নিহতদের পরিবারকে ১০ লাখ টাকা আর্থিক সাহায্য এবং আইসিইউতে চিকিৎসাধীন প্রতিটি আহতকে ১ লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা করেছেন।
অভিনেতা-রাজনীতিবিদ বিজয় দুর্ঘটনাটিকে “অপরিমেয় ক্ষতি” বলে অভিহিত করে নিহতদের পরিবারকে তাঁর দল ও ব্যক্তিগত পক্ষ থেকে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ এবং আহতদের প্রত্যেককে ২ লাখ টাকা দেওয়ার ঘোষণা করেছেন। তিনি বলেছেন, “এই মৃত্যুগুলো আমার হৃদয়কে ভেঙে দিয়েছে।”

ঘটনার প্রেক্ষিতে কেন্দ্র সরকার ইতিমধ্যেই তামিলনাড়ু সরকারের কাছে বিস্তারিত রিপোর্ট তলব করেছে। পাশাপাশি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিহতদের পরিবারকে প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে ২ লাখ টাকা করে এবং আহতদের জন্য ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা ঘোষণা করেছেন।
তামিলনাড়ু সরকার এই ঘটনার কারণ খতিয়ে দেখতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছে। মুখ্যমন্ত্রী এম কে স্টালিন এই মর্মান্তিক দুর্ঘটনার তদন্তের জন্য অবসরপ্রাপ্ত হাইকোর্টের বিচারপতি অরুনা জগাদিসান-এর নেতৃত্বে এক সদস্যের কমিশন গঠনের ঘোষণা করেছেন। এছাড়া, কেন্দ্র সরকারও রাজ্য সরকারের কাছে এ বিষয়ে রিপোর্ট চেয়েছে।
স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, এই ঘটনায় আহত হয়ে বর্তমানে ৫০ জনেরও বেশি মানুষ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এঁদের মধ্যে ২৩ জনেরও বেশি গুরুতর আহত অবস্থায় আইসিইউ-তে (ICU) চিকিৎসাধীন।
এই দুর্ঘটনা নিয়ে শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সি.পি. রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় মন্ত্রিসভার একাধিক সদস্য।
- রাষ্ট্রপতি মুর্মু সামাজিক মাধ্যমে শোকবার্তায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।
- উপরাষ্ট্রপতি বলেন, করুরের জনসভায় ঘটে যাওয়া দুর্ঘটনা বেদনাহত করেছে সমগ্র দেশকে। তিনি শোকসন্তপ্ত পরিবারগুলিকে সমবেদনা জানান।
- প্রধানমন্ত্রী মোদী শোকবার্তায় বলেন, “যাঁরা আপনজনকে হারিয়েছেন তাঁদের প্রতি রইল গভীর সমবেদনা। এই দুঃসময়ে তাঁদের শক্তি ও ধৈর্য দিক ঈশ্বর। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।”
- কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা ও কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহানও গভীর শোকপ্রকাশ করেছেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।
করুরের এই জনসভায় প্রাণহানির ঘটনায় রাজ্যজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষ—সকলেই এই ঘটনার নিন্দা করছেন। সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই নিহতদের স্মরণে নানা বার্তা ছড়িয়ে পড়েছে।
এই মর্মান্তিক ঘটনার তদন্তে কমিশন গঠিত হওয়ায় সবাই এখন অপেক্ষা করছে দুর্ঘটনার প্রকৃত কারণ প্রকাশ্যে আসার।