সোমবার রাত সাড়ে দশটা নাগাদ বহরমপুর কলেজ ঘাট এলাকা থেকে একটি দেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল বহরমপুর থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম বশিষ্ঠ মণ্ডল ওরফে চিত্ত। তার বাড়ি বহরমপুর থানার অন্তর্গত নারায়ণপুর, হরিদাসমাটি এলাকায়। বহরমপুর থানার আইসি সন্দীপ সেনের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
তল্লাশিতে ধৃতের কাছ থেকে একটি দেশি তৈরি পিস্তল এবং পাঁচ রাউন্ড তাজা গুলি উদ্ধার হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে উঠে এসেছে, ধৃত ব্যক্তি ব্যক্তিগত ব্যবহারের উদ্দেশ্যেই এই অস্ত্রটি সংগ্রহ করেছিল বলে অনুমান করা হচ্ছে। এলাকায় নিজেকে একজন ‘দাগী মস্তান’ হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টায় ছিল সে, এমনটাই জানা যাচ্ছে পুলিশ সূত্রে।

মঙ্গলবার ধৃতকে বহরমপুর আদালতে পেশ করা হবে। অস্ত্রটি কোথা থেকে এসেছে, কার কাছ থেকে সংগ্রহ করা হয়েছে এবং এর পিছনে অন্য কোনও অপরাধচক্র বা সহযোগী জড়িত রয়েছে কি না, তা জানতে পুলিশ হেফাজতের আবেদন জানানো হবে বলে সূত্রের খবর।