নিজস্ব সংবাদদাতা, বহরমপুর: মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ‘মাতৃমা’ বিভাগে রোগীর খাবারের থালায় বিষাক্ত বিছে মেলার অভিযোগে তীব্র চাঞ্চল্য ও আতঙ্ক ছড়াল। বুধবার দুপুরে ভাত, ডাল ও মাছের সঙ্গে একটি বড় আকারের বিছে পাওয়া যায় বলে অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালের খাদ্য সরবরাহ ও রোগীদের নিরাপত্তার মান নিয়ে প্রশ্ন তুলেছেন রোগীর পরিজনেরা। লিখিত অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। পাশাপাশি খাবারের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার সংস্থা ও সংশ্লিষ্ট কর্মীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের প্রক্রিয়া শুরু হয়েছে।
অভিযোগকারীর দাবি, বুধবার দুপুরে তাঁর রোগী কে হাসপাতালের তরফে দেওয়া খাবারের থালায় একটি বড় বিষাক্ত বিছে দেখতে পান তাঁরা। আরও অভিযোগ, ঘটনার ছবি ও ভিডিও তুলে রাখায় তা মুছে ফেলার জন্য তাঁদের ওপর চাপ সৃষ্টি করা হয়। মুহূর্তের মধ্যেই বিষয়টি ওয়ার্ডে ছড়িয়ে পড়লে অন্যান্য রোগী ও আত্মীয়দের মধ্যে তীব্র আতঙ্ক তৈরি হয়। ভয়ে বহু রোগী দুপুরের খাবার না খেয়ে ফেলে দেন। ওই খাবার খেয়ে এক মহিলা বমি করেন বলেও অভিযোগ উঠেছে।
ভবিষ্যতে রোগী ও প্রসূতি মায়েদের নিরাপত্তার স্বার্থে কঠোর ব্যবস্থার দাবি জানিয়ে রাতেই হাসপাতালের এমএসভিপি-র (MSVP) কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়।
লিখিত অভিযোগ পাওয়ার পরেই পদক্ষেপ নেয় মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। ঠিকাদার সংস্থার যে কর্মীরা খাবার পরিবেশনের দায়িত্বে ছিলেন, তাঁদের সাসপেন্ড করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার সংস্থা ও সংশ্লিষ্টদের শোকজ করা হয়েছে।
ঘটনা প্রসঙ্গে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের এমএসভিপি সৌরদীপ রায় বলেন, “খাবারে বিছে মেলার বিষয়ে অফিসে একটি লিখিত অভিযোগ জমা পড়েছে। আজই একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি ৭২ ঘণ্টার মধ্যে রিপোর্ট দেবে।” তিনি আরও জানান, “এই ঘটনার সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট সকলকে শোকজ করা হয়েছে এবং ৪৮ ঘণ্টার মধ্যে তাঁদের জবাব দিতে বলা হয়েছে। কোথা থেকে বা কীভাবে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।”
তদন্ত রিপোর্ট সামনে আসার পর পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।