ইনস্টাগ্রামে আলাপ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ! কাঠগড়ায় মুর্শিদাবাদ মেডিক্যালের ছাত্র!

নিউজ ফ্রন্ট, বহরমপুর:

সোশ্যাল মিডিয়ায় আলাপের পর বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বহরমপুরের এক কলেজ ছাত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের গুরুতর অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত যুবক মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ছাত্র। পরবর্তীতে অভিযুক্ত বিয়ে করতে অস্বীকার করায় পুলিশের দ্বারস্থ হয়েছেন অভিযোগকারিণী।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগকারিণী মুর্শিদাবাদের নওদা থানা এলাকার বাসিন্দা। গত ১৮ নভেম্বর বহরমপুর থানায় গিয়ে ওই মেডিক্যাল ছাত্রের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে।

জানা গেছে ওই যুবতীর সঙ্গে প্রায় দু’বছর আগে ইনস্টাগ্রামের মাধ্যমে ওই যুবকের সঙ্গে তাঁর পরিচয় হয়। এরপর তাঁর বিশ্বাসের সুযোগ নিয়ে অভিযুক্ত যুবক তাঁর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন এবং বিয়ের প্রতিশ্রুতি দেন। অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই মেডিক্যাল পড়ুয়া তাঁকে বহরমপুরের একাধিক হোটেলে নিয়ে গিয়ে একসঙ্গে থাকেন।

শুধু হোটেলই নয়, ওই যুবতীকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের হস্টেলেও নিয়ে যাওয়া হয়েছিল বলে জানা গেছে। অভিযোগ, সেখানেও বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন ওই মেডিক্যালের ছাত্র।

যুবতীর আরও অভিযোগ, বর্তমানে তিনি বিয়ের জন্য জোরাজুরি করলে ওই পড়ুয়া সরাসরি তা প্রত্যাখ্যান করছেন এবং অন্য এক মহিলাকে বিয়ে করার হুমকি দিচ্ছেন। অভিযোগকারিণীর লিখিত বয়ানের ভিত্তিতে বহরমপুর থানায় একটি নির্দিষ্ট মামলা রুজু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *