নিউজ ফ্রন্ট, বহরমপুরঃ গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে হাতিনগর চাঁদপুকুর রোড এলাকা থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ এক ব্যক্তিকে গ্রেফতার করল বহরমপুর থানার পুলিশ। ধৃতের কাছ থেকে একটি ৭.৬৫ এমএম পিস্তল, একটি পাইপগান, তাজা কার্তুজ এবং একটি টোটো গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৬ নভেম্বর রাতে মোবাইল ডিউটিতে থাকাকালীন এএসআই আব্দুল লতিফ মিয়া ও তাঁর সঙ্গীয় পুলিশ ফোর্স অবৈধ অস্ত্র মজুত ও লেনদেনের গোপন তথ্য পান। সেই তথ্যের ভিত্তিতে তাঁরা তড়িঘড়ি হাতিনগর চাঁদপুকুর রোড এলাকায় পৌঁছান। পুলিশকে সামনে দেখে পালানোর চেষ্টা করেন ইসমাইল শেখ নামের এক ব্যক্তি। পুলিশ তৎপরতার সঙ্গে ধাওয়া করে তাঁকে ধরে ফেলে।
পুলিশ জানিয়েছে, তল্লাশির সময় ধৃত ব্যক্তি আগ্নেয়াস্ত্রগুলির পক্ষে কোনো ধরনের বৈধ কাগজপত্র বা লাইসেন্স দেখাতে ব্যর্থ হন। ধৃত ইসমাইল শেখের বাড়ি মুর্শিদাবাদ জেলার জাহানকোশা পিও-র অন্তর্গত কামালপুর এলাকায়।
এই ঘটনায় বহরমপুর থানায় নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে একটি মামলা রুজু করা হয়েছে। উদ্ধার হওয়া এই অস্ত্রগুলি কোথা থেকে এল এবং এর পেছনে কোনো বড় চক্র জড়িয়ে রয়েছে কি না, সে বিষয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে বহরমপুর থানার পুলিশ।