লালবাগে সিপিআই(এম) অফিসে তাণ্ডব! | বজরং দলের বিরুদ্ধে হামলার অভিযোগে চরম উত্তেজনা

নিজস্ব সংবাদদাতা, লালবাগ: দলীয় কর্মসূচি ও পাল্টা বিক্ষোভকে কেন্দ্র করে মুর্শিদাবাদের লালবাগের নিমতলা মোড়ে সিপিআই(এম) এবং বজরং দল ও হিন্দু জাগরণ মঞ্চের সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষ বাধল। রবিবার সন্ধ্যায় নিমতলা মোড় সংলগ্ন এলাকা কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়। দফায় দফায় মারধর, ধস্তাধস্তি এবং বাইক ভাঙচুরের ঘটনায় দু’পক্ষের একাধিক নেতাকর্মী আহত হয়েছেন। এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে নামানো হয়েছে লালবাগ থানার বিশাল পুলিশ বাহিনী।

সিপিআই(এম)-এর মুর্শিদাবাদ পশ্চিম এরিয়া কমিটির সদস্য মিলন সরকার অভিযোগ করে বলেন, “মুর্শিদাবাদ পূর্ব ও পশ্চিম এরিয়া কমিটির যৌথ উদ্যোগে আমাদের পার্টি অফিসে একটি কর্মীসভা চলছিল। আমাদের কমরেডরা যাতে সভায় পৌঁছাতে না পারেন, তার জন্য কার্যালয়ের প্রবেশপথের রাস্তায় মাইক বেঁধে সভার আয়োজন করে বজরং দল। এ বিষয়ে পুলিশ প্রশাসনকে জানানো হলেও কোনও কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি। আমাদের সভা শেষে কর্মীরা বের হওয়ার সময় অতর্কিতে হামলা চালানো হয়। পুলিশের সামনেই আমাকে টেনে নিয়ে গিয়ে মারধর করা হয়। কমরেড মনু শেখ, মহিলা নেত্রী রিমা দাস-সহ প্রায় ৩০ থেকে ৩৫ জন কর্মীকে মারধর করা হয়েছে এবং একাধিক মোটরবাইক ভাঙচুর করা হয়েছে।” তিনি আরও অভিযোগ করেন, কর্মীদের বাঁচাতে দলীয় কার্যালয়ের মূল ফটক বন্ধ করে দেওয়া হলে হামলাকারীরা সেই তালা ভাঙারও চেষ্টা করে।

অন্যদিকে হামলার অভিযোগ অস্বীকার করে লালবাগ শহর বিজেপির সভাপতি নিবিড় দাস জানান, “সম্প্রতি সিপিএমের এক নেতার করা হিন্দু বিরোধী ও হনুমানজিকে নিয়ে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে নিমতলা মোড়ে বজরং দল ও হিন্দু জাগরণ মঞ্চের শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল চলছিল। সেই সময় সিপিএম কার্যালয় থেকে মনু শেখ ও মিলন সরকারের নেতৃত্বে অতর্কিতে আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে কর্মীদের ওপর চড়াও হওয়া হয়। সিপিএমের এই হামলায় রিকি আইচ ও বিকি তেওয়ারি-সহ আমাদের একাধিক যুব কার্যকর্তা গুরুতর আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।” এই ঘটনার তীব্র নিন্দা জানান তিনি।
সংঘর্ষের জেরে নিমতলা মোড় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং আতঙ্কে দোকানপাট বন্ধ হয়ে যায়। খবর পেয়ে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় এখনও চাপা উত্তেজনা রয়েছে, তবে পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে বলে জানিয়েছে প্রশাসন। অপ্রীতিকর ঘটনা এড়াতে নিমতলা মোড় সংলগ্ন এলাকায় এলাকায় কড়া পুলিশি টহল চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *