নিজস্ব প্রতিবেদন, বহরমপুর:
রাজ্যে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি এবং ফর্ম জমা নেওয়া নিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) ও ভারতের নির্বাচন কমিশনের (ECI) তরফ থেকে জারি করা নতুন নির্দেশিকা স্পষ্ট করলেন মুর্শিদাবাদের জেলা নির্বাচনী আধিকারিক তথা জেলাশাসক আর. অর্জুন। রেজিনগর উপনির্বাচনের প্রশাসনিক ব্রিফিংয়ের প্রাক্কালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, নতুন ভোটারদের নাম নথিভুক্তকরণ এবং বহুল চর্চিত ফর্ম-৬-এর ডিক্লারেশন সংক্রান্ত বিষয়ে কমিশন দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে।
জেলাশাসক জানান, নির্বাচন কমিশনের প্রথম নির্দেশিকা অনুযায়ী—যে সমস্ত রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে ইতিমধ্যে ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ (SIR) সম্পন্ন হয়েছে, সেখানে ভোটার তালিকা থেকে বাদ পড়া যোগ্য নাগরিক এবং নতুন বা প্রথম বারের তরুণ ভোটারদের নাম দ্রুত নথিভুক্ত করার জন্য একটি বিশেষ অভিযান চালানো হবে। মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO), জেলা নির্বাচনী আধিকারিক (DEO) এবং নির্বাচনী নিবন্ধন আধিকারিকদের (ERO) নেতৃত্বে এই বিশেষ ড্রাইভ পরিচালিত হবে।
দ্বিতীয়ত, ফর্ম-৬ ও তার সঙ্গে যুক্ত ঘোষণাপত্র নিয়ে তৈরি হওয়া ধোঁয়াশা কাটাতে কমিশনের নিয়ম স্পষ্ট করে জেলাশাসক জানান: ফর্ম-৬-এর সাথে যুক্ত বিশেষ ঘোষণাপত্রটি কেবলমাত্র এসআইআর (SIR) প্রক্রিয়া চলাকালীনই বাধ্যতামূলকভাবে ব্যবহার করা হবে। এসআইআর পর্ব ব্যতিরেকে অন্যান্য স্বাভাবিক সময়ে ভোটার নিবন্ধন বিধি ১৯৬০ (Registration of Electors Rules, 1960) অনুযায়ী পূর্বনির্ধারিত ও প্রযোজ্য ফর্মগুলিই ভোটার অন্তর্ভুক্তির জন্য ব্যবহৃত হবে।