৩৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ৩১৫টি বুথে ওয়েবকাস্টিং ও ত্রিস্তরীয় নিরাপত্তা

রেজিনগর উপনির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি ঘোষণা জেলাশাসক আর. অর্জুনের

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর:

আসন্ন রেজিনগর বিধানসভা উপনির্বাচন অবাধ, শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশনের তরফে সার্বিক প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে। বৃহস্পতিবার জেলা প্রশাসনিক ভবনে আয়োজিত সাংবাদিক বৈঠকে ভোট প্রস্তুতির সম্পূর্ণ রূপরেখা তুলে ধরেন জেলা নির্বাচনী আধিকারিক (DEO) তথা জেলাশাসক আর. অর্জুন। বুথ বিন্যাস, ভোটার পরিসংখ্যান, ভোট কর্মীদের প্রশিক্ষণ থেকে শুরু করে আইন-শৃঙ্খলা রক্ষা ও ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ের এক পূর্ণাঙ্গ চিত্র প্রকাশ করেন তিনি।

বুথ পরিকাঠামো ও ভোটার পরিসংখ্যান

জেলাশাসক জানান, রেজিনগর বিধানসভা কেন্দ্রে মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৩১৫টি। এর মধ্যে মূল কেন্দ্র ২৮২টি এবং সহায়ক (অক্সিলিয়ারি) কেন্দ্র ৩৩টি। সম্পূর্ণ মহিলা পরিচালিত কেন্দ্র রাখা হয়েছে ২টি এবং বিশেষ সুযোগ-সুবিধাযুক্ত ‘মডেল বুথ’ তৈরি করা হয়েছে ২টি। প্রতিটি কেন্দ্রে তাৎক্ষণিক সহায়তার জন্য ‘ভোটার অ্যাসিস্ট্যান্স বুথ’ (VAB) চালু থাকবে। ভোটারদের সুবিধার স্বার্থে বুথে প্রবেশের মুখে মোবাইল ফোন নির্দিষ্ট ট্যাগিং ব্যাগে জমা রাখার নিরাপদ ব্যবস্থা করা হয়েছে। রেজিনগরে মোট ভোটার ২৫৬৫৪৬, পুরুষ ভোটার ১৩৩৯২৫  মহিলা ভোটারের সংখ্যা ১ লক্ষ ২২ হাজার ৬১৬ জন। বিশেষ চাহিদাসম্পন্ন (PwD) ভোটার রয়েছেন ৩,২৬৪ জন এবং ৮৫ ঊর্ধ্ব প্রবীণ ভোটারের সংখ্যা ১,৬৯৭ জন। ৮৫ ঊর্ধ্ব ও বিশেষভাবে সক্ষম ভোটারদের জন্য বাড়ি থেকে ভোট নেওয়ার ক্ষেত্রে নির্ধারিত ১৪৫ জনের মধ্যে ১৪৪ জন ইতিমধ্যেই ভোট সম্পন্ন করেছেন। সার্ভিস ভোটারদের জন্য পাঠানো হয়েছে ১,১১১টি ইলেকট্রনিক পোস্টাল ব্যালট (ETPBS)। কেন্দ্র, তারিখ ও সময় উল্লেখ থাকা বারকোড/কিউআর কোড যুক্ত ভোটার ইনফরমেশন স্লিপ (VIS) ও ভোটার গাইড প্রায় সব ব্লকেই বিলি করা হয়েছে।

৩৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও নিশ্চিদ্র নিরাপত্তা

আইন-শৃঙ্খলা রক্ষার প্রশ্নে কোনো ফাঁকফোকর রাখা হচ্ছে না বলে আশ্বস্ত করেন জেলাশাসক। রেজিনগরে মোট ৩৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী (CAPF) মোতায়েন করা হয়েছে। পর্যাপ্ত বাহিনী থাকায় কার্যত প্রতিটি বুথেই কেন্দ্রীয় বাহিনীর সশস্ত্র জওয়ানরা মোতায়েন থাকবেন। ১৪৪ জন পুলিশ আধিকারিক ও ৬৭৫ জন কনস্টেবল মিলিয়ে মোট ৮১৯ জন রাজ্য পুলিশ কর্মী নির্বাচনের দায়িত্বে থাকছেন। ১৯টি চিহ্নিত স্পর্শকাতর এলাকায় ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে জোরদার রুট মার্চ ও এরিয়া ডমিনেশন চালানো হচ্ছে।

ইভিএম প্রস্তুতি ও প্রযুক্তিগত নজরদারি

কমিশনিং পর্ব শেষ হওয়ার পর বর্তমানে ৩৮৯টি কন্ট্রোল ইউনিট, ৩৯০টি ব্যালট ইউনিট এবং ৪১৮টি ভিভিপ্যাট সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। ভোট কর্মীদের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে এবং আপৎকালীন প্রয়োজনে ডিসি সেক্টরে অতিরিক্ত প্রশিক্ষণমূলক ইভিএম ও ভিভিপ্যাট প্রস্তুত থাকবে। সেক্টর অফিসারদের গাড়ি এবং রিজার্ভ ইভিএম বহনকারী সমস্ত যানে রিয়েল-টাইম জিপিএস ট্র্যাকিং কার্যকর থাকবে। জেলা নির্বাচনী আধিকারিকের কন্ট্রোল রুমে উচ্চগতির ইন্টারনেট সংযোগ সহ ৬টি বিশালাকার এলইডি টিভি লাগানো হয়েছে। প্রতিটি কেন্দ্র থেকে সরাসরি ভিডিও পর্যবেক্ষণের জন্য ২৪ ঘণ্টা শিফটে দায়িত্বপ্রাপ্ত কর্মীরা নজরদারি চালাবেন। প্রতি দুই ঘণ্টা অন্তর পুরুষ, মহিলা ও তৃতীয় লিঙ্গের ভোটার উপস্থিতির হার নির্ভুলভাবে জানাতে ভোট গ্রহণকারী আধিকারিকদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

২৪ ঘণ্টার কন্ট্রোল রুম ও অভিযোগ নিষ্পত্তি

দিনরাত ২৪ ঘণ্টা অভিযোগ গ্রহণের জন্য সার্বক্ষণিক ৪ জন কর্মী নিযুক্ত রয়েছেন। হেল্পলাইনে জমা পড়া ৪টি অভিযোগেরই দ্রুত নিষ্পত্তি করা হয়েছে। ১২ জন কর্মীর নজরদারিতে সি-ভিজিল অ্যাপে আসা ৩৫টি অভিযোগের সবকটিই নির্দিষ্ট সময়ের মধ্যে সমাধান করা হয়েছে। এলাকায় নজরদারির জন্য ১২টি SST এবং ৯টি FST দল মাঠে রয়েছে। অনলাইনে জমা পড়া ১টি অভিযোগও খতিয়ে দেখে সমাধান করা হয়েছে।

ত্রিস্তরীয় স্ট্রং রুম ও গণনা কেন্দ্র

রেজিনগর উপনির্বাচনের ডিসিআরসি (DCRC) ও ভোট গণনা কেন্দ্র নির্ধারিত হয়েছে বহরমপুর গার্লস কলেজে। ডাবল-লক ব্যারিকেড ও স্ট্রং রুমের প্রবেশদ্বারে দিনরাত ২৪ ঘণ্টা কেন্দ্রীয় বাহিনী (CAPF)-র কড়া পাহারা। ভেতরে নিরবচ্ছিন্ন সিসিটিভি রেকর্ডিং চালু থাকবে। রাজনৈতিক দলের প্রতিনিধিদের জন্য প্রাচীরের বাইরে অস্থায়ী ক্যাম্পের বন্দোবস্ত করা হয়েছে। ইভিএম গণনার জন্য ১৪ + ৭টি টেবিল এবং ইটিপিবি ও পোস্টাল ব্যালট গণনার জন্য ৩ + ১টি টেবিল প্রস্তুত রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *