নিজস্ব সংবাদদাতা, বহরমপুর:
২০২৬ সালের বিধানসভা নির্বাচনের পর রাজনৈতিক পালাবদলের আবহে বহরমপুর পৌরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন তৃণমূল কংগ্রেস নেতা নাড়ুগোপাল মুখার্জি। বৃহস্পতিবার দুপুরে বহরমপুর মহকুমা শাসকের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। একইসঙ্গে পৌরসভার এক্সিকিউটিভ অফিসার এবং সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তৃপক্ষকেও নিজের সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন।
পদত্যাগের আগে এদিন বহরমপুর পৌরসভার বোর্ড অব কাউন্সিলরদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকেই চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত চূড়ান্ত হয় বলে জানা গিয়েছে।

জনমতের প্রতি সম্মান জানিয়েই পদত্যাগ
বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নাড়ুগোপাল মুখার্জি বলেন, “আজ আমি চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করছি। চেয়ারম্যান হিসেবে এটাই হয়তো আপনাদের সঙ্গে আমার শেষ আনুষ্ঠানিক সাক্ষাৎ। তবে আমি কাউন্সিলর হিসেবে আমার দায়িত্ব পালন করে যাব। মানুষের প্রতিনিধি হিসেবে যতদিন মেয়াদ থাকবে, ততদিন মানুষের জন্য কাজ করব।”
তিনি আরও বলেন,“সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে বহরমপুরের মানুষ বিজেপিকে সমর্থন করেছেন এবং সুব্রত মৈত্রকে তাদের বিধায়ক হিসেবে নির্বাচিত করেছেন। আমিও প্রার্থী ছিলাম, কংগ্রেসের অধীর চৌধুরীও প্রার্থী ছিলেন, কিন্তু আমরা দুজনেই পরাজিত হয়েছি। ফলে মানুষের যে স্পষ্ট রাজনৈতিক মতামত প্রকাশ পেয়েছে, তাকে সম্মান জানানো উচিত। সেই কারণেই আমার মনে হয়েছে চেয়ারম্যান পদে থেকে যাওয়ার কোনও নৈতিক ভিত্তি নেই।”
নাড়ুগোপাল মুখার্জি ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করলেও জয়ী হতে পারেননি। এরপর ২০২২ সালের বহরমপুর পৌরসভা নির্বাচনে তৃণমূলের নেতৃত্বে বোর্ড গঠন হলে তিনি চেয়ারম্যান নির্বাচিত হন।
২০২৬ সালের বিধানসভা নির্বাচনেও বহরমপুর কেন্দ্র থেকে তাঁকেই প্রার্থী করে তৃণমূল কংগ্রেস। তবে এবারও পরাজিত হন তিনি। এই নির্বাচনে বিজেপির সুব্রত মৈত্র জয়ী হন এবং বহরমপুরে রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন আসে।
নাড়ুগোপাল মুখার্জির পদত্যাগকে শুধুমাত্র ব্যক্তিগত সিদ্ধান্ত হিসেবে দেখছেন না রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। তাঁদের মতে, রাজ্যে সরকার পরিবর্তনের পর বিভিন্ন পুরসভা ও স্থানীয় প্রশাসনিক সংস্থায় রাজনৈতিক পুনর্বিন্যাসের প্রক্রিয়া শুরু হয়েছে। বহরমপুর পৌরসভার চেয়ারম্যানের পদত্যাগ সেই প্রক্রিয়ারই একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হতে পারে।
যদিও তৃণমূল কংগ্রেসের তরফে এখনও পর্যন্ত এই পদত্যাগ নিয়ে আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি। অন্যদিকে বিজেপি নেতৃত্বের দাবি, বহরমপুরের মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছেন এবং নাড়ুগোপাল মুখার্জির সিদ্ধান্ত সেই জনমতেরই প্রতিফলন।
এখন নজর থাকবে বহরমপুর পৌরসভার পরবর্তী প্রশাসনিক পদক্ষেপ এবং নতুন চেয়ারম্যান নির্বাচনের প্রক্রিয়ার দিকে। বহরমপুরের রাজনৈতিক মহলে ইতিমধ্যেই এই পদত্যাগকে কেন্দ্র করে নতুন জল্পনা শুরু হয়েছে।