প্রার্থনা সভায় জাতীয় গান গাইতে হবে ছাত্রছাত্রীদের, জোর দেশপ্রেম ও জাতীয় ঐক্যের উপর
নিউজ ফ্রন্ট, কলকাতা, ২১ মে :
পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি, সরকার অনুমোদিত এবং সরকারি সাহায্যপ্রাপ্ত মাদ্রাসায় এবার বাধ্যতামূলক করা হল ‘বন্দে মাতরম’ গান। রাজ্যের বিজেপি সরকারের তরফে শিক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।
মাদ্রাসা শিক্ষা দফতরের জারি করা নতুন নির্দেশিকায় বলা হয়েছে, প্রতিদিন ক্লাস শুরুর আগে প্রার্থনা সভায় ছাত্রছাত্রীদের ‘বন্দে মাতরম’ গাইতে হবে। শুধু সরকারি বা অনুদানপ্রাপ্ত মাদ্রাসাই নয়, সরকার অনুমোদিত বেসরকারি মাদ্রাসাগুলির ক্ষেত্রেও এই নিয়ম কার্যকর হবে।
এর আগে রাজ্যের সমস্ত স্কুলের প্রার্থনা সভায় ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক করেছিল সরকার। এবার সেই নিয়ম মাদ্রাসাগুলিতেও কার্যকর করা হল। প্রশাসনের দাবি, ছাত্রছাত্রীদের মধ্যে দেশপ্রেম, জাতীয় চেতনা এবং ঐক্যের মনোভাব গড়ে তুলতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে অভিন্ন প্রার্থনা নীতি কার্যকর করাই সরকারের লক্ষ্য বলে জানানো হয়েছে।
সরকারের এই সিদ্ধান্তকে কেন্দ্র করে ইতিমধ্যেই শিক্ষা ও রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। একাংশের মতে, শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় সঙ্গীত বা দেশাত্মবোধক গান ছাত্রছাত্রীদের মধ্যে জাতীয়তাবোধ বাড়াতে সাহায্য করে। অন্যদিকে বিরোধীদের একাংশের অভিযোগ, শিক্ষা ব্যবস্থাকে রাজনৈতিক ও আদর্শগতভাবে প্রভাবিত করার চেষ্টা চলছে। যদিও সরকার সেই অভিযোগ খারিজ করে জানিয়েছে, এটি সম্পূর্ণভাবে সাংবিধানিক মূল্যবোধ ও জাতীয় ঐক্য রক্ষার উদ্দেশ্যে নেওয়া পদক্ষেপ।
মাদ্রাসা শিক্ষা দফতর সংশ্লিষ্ট সমস্ত প্রতিষ্ঠানকে দ্রুত নির্দেশিকা কার্যকর করার নির্দেশ দিয়েছে। জেলা পর্যায়ে বিষয়টি নজরদারির জন্য প্রশাসনিক আধিকারিকদেরও সক্রিয় থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।