দুর্বৃত্তদের রুখতে গেলে লাঠি বল্লম ঘরে ঘরে রাখুন : অধীর

বহরমপুর: ভোটের রেশ কাটতে না কাটতেই রাজনৈতিক প্রতিহিংসার আগুনে উত্তপ্ত মুর্শিদাবাদের বহরমপুর। কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীকে সামান্য বাতাসের ব্যবস্থা করে দেওয়ায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হতে হলো একই পরিবারের তিন সদস্যকে। ঘটনাটি ঘটেছে বহরমপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কুঞ্জঘাটা এলাকায়।

অভিযোগ, ভোটের দিন প্রবল গরমে কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী ওই এলাকায় গেলে তাঁকে সামান্য পাখা দিয়ে হাওয়ার ব্যবস্থা করে দিয়েছিল কুঞ্জঘাটার একটি পরিবার। আর সেই ‘অপরাধেই’ তাঁদের ওপর নেমে আসে চরম দুর্ভোগ। রবিবার রাত ৯টা নাগাদ একদল দুষ্কৃতী ওই পরিবারের ওপর চড়াও হয়। ঘটনায় গুরুতর আহত মহাদেব ঘোষ (৬৫)। পাশাপাশি শ্রীলতাহানি করার চেষ্টা করা হয় ওই বাড়ির ২ মহিলাকে।

পরিবারের সদস্যদের অভিযোগ, বহরমপুর টাউন সভাপতি পাপাই ঘোষের অনুগামী মেঘনাদ ও তার দলবল মদ্যপ অবস্থায় আচমকা বাড়িতে চড়াও হয়। প্রথমে বাইরে থেকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং দরজা ভাঙার চেষ্টা করা হয়। এরপর দুষ্কৃতীরা বাড়ির ভেতরে ঢুকে পরিবারের সদস্যদের ওপর প্রাণঘাতী হামলা চালায় এবং এলোপাথাড়ি মারধর করতে থাকে।

এই হামলায় রক্তাক্ত হন একই পরিবারের তিন সদস্য। তাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার খবর পাওয়া মাত্রই তড়িঘড়ি আক্রান্তদের পাশে দাঁড়াতে ছুটে আসেন বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী। তিনি হাসপাতালে গিয়ে আহতদের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং পরিবারের সদস্যদের আশ্বস্ত করেন। এরপর গভীর রাতেই আক্রান্ত পরিবারটিকে সঙ্গে নিয়ে বহরমপুর থানায় গিয়ে দোষীদের শাস্তির দাবিতে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।

অধীর বলেন “আমি বাড়িতে রাতের খাবারের জন্য অপেক্ষা করছিলাম, কারণ তখন খাওয়ার সময় হয়ে গিয়েছিল। রাতের খাবার খাওয়ার ঠিক আগেই আমি এক মহিলার ফোন পাই, যিনি কাঁদছিলেন। আমি তাঁকে জিজ্ঞাসা করলাম কী হয়েছে? তিনি বললেন যে তৃণমূল কংগ্রেসের কিছু দুষ্কৃতী তাঁর বাড়িতে ঢুকে তাণ্ডব চালিয়েছে”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *