নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধনের কাজ এখন শেষ লগ্নে। ভারতের নির্বাচন কমিশন (ECI) সম্প্রতি অষ্টম পরিপূরক তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় দেখা যাচ্ছে, প্রায় ৫২ লক্ষ অমীমাংসিত মামলার নিষ্পত্তি হয়েছে। তবে সব থেকে উল্লেখযোগ্য বিষয় হলো, স্ক্রুটিনি বা যাচাইয়ের পর প্রাথমিক তালিকা থেকে প্রায় ৩৫ থেকে ৪০ শতাংশ নাম বাদ দেওয়া হয়েছে।
কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী আগামী ৭ এপ্রিলের মধ্যে এই গোটা প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, মোট ৬০ লক্ষের বেশি নাম যাচাইয়ের কাজ শুরু হয়েছিল। বর্তমানে মাত্র ৮ লক্ষের মতো মামলার নিষ্পত্তি বাকি রয়েছে, যা আগামী চার দিনের মধ্যেই শেষ হবে বলে আশা করা হচ্ছে।
যাঁদের নাম বাদ পড়েছে তাঁদের কী হবে?
কমিশন জানিয়েছে, যাঁদের নাম এখনও এই পরিপূরক তালিকায় ওঠেনি বা বাদ গিয়েছে, তাঁদের নিজেদের দাবির স্বপক্ষে ট্রাইব্যুনাল বা আদালতের দ্বারস্থ হতে হবে। তবে এই ট্রাইব্যুনালগুলি কবে থেকে কাজ শুরু করবে, তা নিয়ে এখনও কোনো স্পষ্ট নির্দেশিকা আসেনি। ভোটার তালিকায় এই বিপুল রদবদল নিয়ে রাজনৈতিক মহলে ইতিমধ্য়েই শুরু হয়েছে চাপানউতোর।