মনোনয়ন পর্বের আগে বাংলায় বড়সড় প্রশাসনিক রদবদল

৮৩ বিডিও এবং ১ এআরও-র বদলিতে সিলমোহর নির্বাচন কমিশনের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২০২৬-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি শুরু করে দিল নির্বাচন কমিশন। অবাধ ও নিরপেক্ষ ভোট সুনিশ্চিত করতে এবার রাজ্যের ব্লক স্তরের প্রশাসনে বড়সড় রদবদল ঘটানো হলো। সোমবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কর্মরত ৮৩ জন ব্লক ডেভেলপমেন্ট অফিসার (BDO) এবং ১ জন অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার (ARO)-র বদলির প্রস্তাবে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশনের এই নির্দেশিকা অনুযায়ী, উত্তর থেকে দক্ষিণ—পুরো রাজ্যজুড়েই এই বদলি প্রক্রিয়া কার্যকর হবে। এর মধ্যে উল্লেখযোগ্য জেলাগুলি হলো কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, মুর্শিদাবাদ, নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং বীরভূম।

নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, ভোটের প্রক্রিয়ায় যাতে কোনোভাবে পক্ষপাতিত্ব বা স্থানীয় প্রভাব না পড়ে, সেই লক্ষ্যে দীর্ঘ সময় ধরে এক জায়গায় কর্মরত আধিকারিকদের বদলি করা বাধ্যতামূলক। ব্লক স্তরে নির্বাচন পরিচালনার সিংহভাগ দায়িত্ব থাকে বিডিও-দের ওপর। তাই ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতে এই প্রশাসনিক রদবদলকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

রাজ্য প্রশাসনের একটি সূত্রের খবর, কমিশনের নির্দেশ কার্যকর করার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। সংশ্লিষ্ট আধিকারিকদের দ্রুত তাঁদের বর্তমান কর্মস্থল থেকে রিলিজ নিয়ে নতুন দায়িত্বে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হতে পারে। প্রশাসনিক মহলের ধারণা, নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার আগে পুলিশ ও প্রশাসনের উচ্চস্তরে আরও কিছু বড় মাপের রদবদল ঘটাতে পারে কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *