সুতিতে ২ টি পিস্তল ও ৫০ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার কালিয়াচকের যুবক

নিজস্ব সংবাদদাতা, জঙ্গিপুর: লোকসভা নির্বাচনের আগে মুর্শিদাবাদে অবৈধ আগ্নেয়াস্ত্রের বিরুদ্ধে অভিযানে বড়সড় সাফল্য পেল সুতি থানার পুলিশ। রবিবার রাতে ১২ নম্বর জাতীয় সড়কের মানিকপুর এলাকা থেকে আগ্নেয়াস্ত্র পাচারের অভিযোগে মালদার কালিয়াচকের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে দুটি অত্যাধুনিক ৭ এমএম পিস্তল, ৫০ রাউন্ড তাজা কার্তুজ এবং দুটি ম্যাগাজিন।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত যুবকের নাম সালিম মিঞা (২৪)। তার বাড়ি মালদা জেলার কালিয়াচক থানা এলাকায়। রবিবার রাতে সুতি থানার পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে যে, এক যুবক আগ্নেয়াস্ত্র নিয়ে মানিকপুর এলাকায় ঘোরাফেরা করছে। এই খবরের ভিত্তিতে মানিকপুর ১২ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন এলাকায় ওত পেতে বসেছিল পুলিশ। সালিম মিঞা সেখানে পৌঁছাতেই তাকে ঘিরে ফেলে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে তার কাছ থেকে ওই বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার হয়।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মালদা থেকে এই আগ্নেয়াস্ত্রগুলি মুর্শিদাবাদের কোনো জায়গায় পাচারের উদ্দেশ্যেই নিয়ে আসা হয়েছিল। তবে এর পেছনে কোনো বড় চক্র কাজ করছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ধৃতকে রাতেই সুতি থানায় নিয়ে গিয়ে ম্যারাথন জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। এই অস্ত্রগুলি কোথা থেকে সংগ্রহ করা হয়েছে এবং কার কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল, সেই প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ।

নির্বাচনের মুখে এই বিপুল পরিমাণ কার্তুজ ও পিস্তল উদ্ধারের ঘটনায় মানিকপুর ও পার্শ্ববর্তী এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *