নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ: একই দিনে জেলার দুই পৃথক থানা এলাকায় বালতি ভর্তি তাজা বোমা উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদে। সামশেরগঞ্জ ও সুতি—এই দুই এলাকা থেকেই উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে বিস্ফোরক। ঘটনার জেরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে খবর, প্রথম ঘটনাটি ঘটে সামশেরগঞ্জ থানার লস্করপুর এলাকায়। সেখানে একটি আমবাগানের নির্জন কোণে একটি সন্দেহজনক বালতি পড়ে থাকতে দেখেন গ্রামবাসীরা। কাছে গিয়ে দেখা যায়, বালতিটি তাজা বোমায় ঠাসা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সামশেরগঞ্জের বিশাল পুলিশ বাহিনী। এলাকাটি ঘিরে ফেলে এবং বোম স্কোয়াডকে খবর দেওয়া হয়। সামসেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষ জানান বালতির সাইজ দেখে মনে হচ্ছে ২০টির বেশি বোমা আছে।
অন্যদিকে, প্রায় একই সময়ে সুতি থানার মহিষাস্থলি এলাকার একটি ভুট্টা খেত থেকেও একই ধরনের একটি বালতি ভর্তি তাজা বোমা উদ্ধার হয়। খবর পেয়ে সুতি থানার পুলিশও দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। উদ্ধার হওয়া বোমাগুলো নিষ্ক্রিয় করার প্রক্রিয়া শুরু হয়েছে। ফরাক্কার এসডিপিও সামসুদ্দিন সেখ জানান “ আমরা দুটি ঘটনাতেই ইতিমধ্যেই বোম স্কোয়াডকে খবর দিয়েছি ওরা দেখে বলতে পারবে ঠিক কতটা বোম উদ্ধার হয়েছে। তবে এই ঘটনাতে এখনো কেও গ্রেপ্তার হয়নি।“
একই দিনে দুই পৃথক থানা এলাকায় এইভাবে বোমা উদ্ধারের ঘটনায় নড়েচড়ে বসেছে জেলা প্রশাসন। কারা, কী উদ্দেশ্যে জনবসতিপূর্ণ এলাকার কাছে এইভাবে মারণাস্ত্র মজুত করেছিল, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। এটি কি কোনও বড়সড় নাশকতার ছক, নাকি রাজনৈতিক অস্থিরতা তৈরির চেষ্টা—সব দিকই খতিয়ে দেখছে পুলিশ। এলাকায় পুলিশি টহলদারি এবং নজরদারি আরও জোরদার করা হয়েছে।