নিজস্ব সংবাদদাতা, রেজিনগর: মুর্শিদাবাদ জেলার রেজিনগর থানা এলাকায় অপরাধ দমনে বড়সড় সাফল্য পেল পুলিশ। গত দু’দিনে পৃথক দুটি অভিযানে পুলিশ আগ্নেয়াস্ত্র ও তাজা বোমা উদ্ধার করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রথম অভিযানে দু’জন সশস্ত্র দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে এবং দ্বিতীয় অভিযানে একটি আইসিডিএস সেন্টারের কাছ থেকে উদ্ধার হয়েছে শক্তিশালী সকেট বোমা।
আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ গ্রেফতার দুই দুষ্কৃতী
গত ২২শে মার্চ, ২০২৬ তারিখ রেজিনগর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে পিলখানার ‘নিম ব্রিক ফিল্ড’ এলাকায় অভিযান চালায়। সেখান থেকে পুলিশ দুই ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে আটক করে। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে উদ্ধার হয় একটি ৯ ইঞ্চি লম্বা দেশি পাইপ গান (Improvised Firearm)এবং দুই রাউন্ড .৩০৩ কার্তুজ।
ধৃতরা হলো জব্বার সেখ (৪২) এবং মোস্তফা সেখ (৩২। দুজনেই রেজিনগর থানার অন্তর্গত কাশিপুর বাগা পাড়ার বাসিন্দা। পুলিশ তাদের বিরুদ্ধে অস্ত্র আইনের মামলা রুজু করেছে।
আইসিডিএস সেন্টারের কাছে সকেট বোমা উদ্ধার
পরদিন ২৩শে মার্চ, ২০২৬ তারিখে রেজিনগর থানা এলাকায় পুনরায় সাফল্য পায় পুলিশ। ছেতিয়ানি ঘোষপাড়া এলাকার একটি আইসিডিএস (ICDS) সেন্টারের কাছ থেকে পরিত্যক্ত অবস্থায় ১০টি শক্তিশালী সকেট বোমা উদ্ধার করা হয়। জনবহুল এলাকায় এভাবে বোমা মজুত থাকায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। উল্লেখ্য এই ছেতিয়ানি এলাকাতেই তৈরি হচ্ছে হুমায়ুন কবিরের প্রস্তাবিত বাবরি মসজিদ।
পুলিশ তড়িঘড়ি এলাকাটি ঘিরে ফেলে এবং বোমাগুলি উদ্ধার করে। এই ঘটনায় রেজিনগর থানায় বিপিএস (BNS) ২৮৮ ধারা এবং ইন্ডিয়ান এক্সপ্লোসিভ অ্যাক্টের (I.E Act) ৯(B)(2) ধারায় মামলা দায়ের করা হয়েছে। রেজিনগর থানার ওসি তপাই বিশ্বাস জানান এই ঘটনায় এখনো কাওকে গ্রেপ্তার করা যায় নি তবে পুলিশি তল্লাশি জারি রয়েছে।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, কোনো বড়সড় অপরাধমূলক কাজের উদ্দেশ্যেই এই অস্ত্র ও বোমা মজুত করা হয়েছিল। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা জানার চেষ্টা করছে রেজিনগর থানার পুলিশ। এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পুলিশি টহলদারি বাড়ানো হয়েছে।