নিউজ ফ্রন্ট, কলকাতা:
পশ্চিমবঙ্গের নির্বাচনী পারদ চড়তে শুরু করেছে। আজ ভবানীপুর বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচার শুরু করলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। তবে প্রচারের শুরুতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শুভেন্দু অধিকারীকে কেন্দ্র করে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে ব্যাপক স্লোগান-পাল্টা স্লোগান এবং বচসা শুরু হয়।
বিজেপি প্রার্থীর কনভয় যখন এলাকা দিয়ে যাচ্ছিল, তখন সেখানে উপস্থিত তৃণমূল সমর্থকরা ‘গো ব্যাক’ স্লোগান দিতে শুরু করেন। পাল্টা জয় শ্রীরাম ধ্বনি দেন বিজেপি কর্মীরাও। পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার উপক্রম হলে তৎক্ষণাৎ আসরে নামে উপস্থিত পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী। দীর্ঘক্ষণ উত্তেজনার পর নিরাপত্তা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং শুভেন্দু অধিকারী তাঁর প্রচার কর্মসূচি চালিয়ে যান।
উল্লেখ্য, বিজেপি এবার শুভেন্দু অধিকারীকে দুটি কেন্দ্র থেকে প্রার্থী করেছে— নন্দীগ্রাম ও ভবানীপুর। বর্তমানে তিনি নন্দীগ্রামের বিধায়ক। গত নির্বাচনে এই নন্দীগ্রামেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করে এক বড় চমক দিয়েছিলেন তিনি। এবার ভবানীপুরে তাঁর লড়াই সরাসরি তৃণমূলের শক্ত ঘাঁটিতে।
পশ্চিমবঙ্গে এবারের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে দুই দফায়। আগামী ২৩শে এপ্রিল এবং ২৯শে এপ্রিল ভোটগ্রহণ হবে। নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে ৪ঠা মে। রাজনৈতিক মহলের মতে, ভবানীপুরের এই লড়াই রাজ্যের সামগ্রিক ফলাফলের ওপর বড় প্রভাব ফেলতে পারে।