‘বাংলায় এবার হবে ভয়মুক্ত ভোট’, বিক্ষোভের মাঝেই বড় বার্তা মুখ্য নির্বাচন কমিশনারের
কলকাতা, ১০ মার্চ: পশ্চিমবঙ্গ সফরের দ্বিতীয় দিনে আধ্যাত্মিক আবহে দিন শুরু করলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। মঙ্গলবার সকালে তিনি সপরিবারে পৌঁছে যান রামকৃষ্ণ মিশনের সদর দফতর বেলুড় মঠে। সেখানে স্বামী বিবেকানন্দ ও শ্রীরামকৃষ্ণের চরণে শ্রদ্ধা জানানোর পর তিনি যান দক্ষিণেশ্বর কালী মন্দিরে। তবে সেখানেও তাঁকে ঘিরে রাজনৈতিক উত্তাপ কমেনি।
সোমবার কালীঘাটের মতো মঙ্গলবার সকালেও দক্ষিণেশ্বর মন্দির চত্বরে বিক্ষোভের মুখে পড়েন জ্ঞানেশ কুমার। জানা গেছে, এদিন মন্দির চত্বরে কয়েকশ তৃণমূল সমর্থক সমবেত হয়ে তাঁকে লক্ষ্য করে কালো পতাকা দেখান এবং স্লোগান দেন। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী। গতকালের বিমানবন্দর ও কালীঘাটের ঘটনার রেশ ধরেই আজ পুনরায় এই বিক্ষোভ সংঘটিত হয় বলে ধারণা করা হচ্ছে।
বিক্ষোভের মুখেও মেজাজ হারাননি মুখ্য নির্বাচন কমিশনার। মন্দির থেকে বেরিয়ে তিনি বাংলার মানুষকে আশ্বস্ত করে বলেন, “ভারতবর্ষের নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে হিংসামুক্ত এবং ভয়হীন ভোট নিশ্চিত করতে বদ্ধপরিকর।”
তিনি আরও যোগ করেন, “বেলুড় মঠের মতো রামকৃষ্ণ পরমহংস ও স্বামী বিবেকানন্দের এই পবিত্র ভূমি থেকে আমি বাংলার সমস্ত মানুষকে আশ্বস্ত করতে চাই— এবারের নির্বাচন পুরোপুরি সন্ত্রাসমুক্ত হবে। মানুষ যাতে নির্ভয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, কমিশন তার সমস্ত ব্যবস্থা করবে।”