নিজস্ব সংবাদদাতা, বহরমপুর: মুর্শিদাবাদ জেলা আদালত বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি ঘিরে মঙ্গলবার ব্যাপক চাঞ্চল্য ছড়াল বহরমপুরে। জেলা জজের অফিসে আসা একটি ইমেলকে কেন্দ্র করে রীতিমতো আতঙ্কে আদালত চত্বর। মঙ্গলবার সকাল থেকেই আদালত চত্বর পুলিশি নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে।
আদালত সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে মুর্শিদাবাদ জেলা জজ (District Judge)-এর অফিসের মেইল আইডিতে একটি হুমকি বার্তা আসে। ইমেলে দাবি করা হয়েছে, ‘SIR’ (Special Investigation Report বা প্রশাসনিক কোনো বিষয় সংক্রান্ত) সংক্রান্ত কাজে জেলা জজ বা অতিরিক্ত জেলা দায়রা বিচারকরা যেন কোনোভাবেই হস্তক্ষেপ না করেন। যদি এই বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়, তবে আদালত চত্বর বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে বলে সরাসরি হুমকি দেওয়া হয়েছে।
হুমকি মেইল পাওয়ামাত্রই নড়েচড়ে বসে প্রশাসন। তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশকে। মুর্শিদাবাদ জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি আবু বাক্কার সিদ্দিকি সংবাদমাধ্যমকে জানান
“এ দিন সকালে আদালতে এসে দেখি গোটা এলাকা পুলিশে পুলিশে ছয়লাপ। নিয়ে আসা হয়েছে ডগ স্কোয়াড। প্রতিটি কোণ তল্লাশি করা হচ্ছে। বিচারকদের প্রাণনাশের হুমকি দেওয়ায় স্বাভাবিকভাবেই আইনজীবীদের মধ্যে একটা ভয়ের পরিবেশ তৈরি হয়েছে।”
ঘটনার পর থেকে আদালতের প্রবেশপথগুলিতে কড়া চেকিং চালানো হচ্ছে। বিচারক এবং আইনজীবীদের নিরাপত্তায় বিশেষ নজর দেওয়া হয়েছে। কে বা কারা এই মেইল পাঠাল, তার উৎস খুঁজতে তদন্ত শুরু করেছে পুলিশের সাইবার ক্রাইম শাখা। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত কোনো সন্দেহজনক বস্তু উদ্ধার হয়নি।