ভোটার তালিকায় গরমিল মেটাতে সুপ্রিম কোর্ট নির্দেশে মোতায়েন হচ্ছেন সিভিল জজরা

নিজস্ব সংবাদদাতা, নতুন দিল্লি: পশ্চিমবঙ্গে এসআইআর (SIR)-এর আওতায় ভোটার তালিকায় নাম তোলা বা তথ্য সংশোধনের ক্ষেত্রে যে লক্ষ লক্ষ আবেদন জমা পড়েছে, তা দ্রুত যাচাই করতে ঐতিহাসিক নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।  শীর্ষ আদালত জানিয়েছে, যাচাইকরণ প্রক্রিয়া ত্বরান্বিত করতে জেলা ও অতিরিক্ত জেলা জজদের পাশাপাশি এবার নিম্ন আদালতের বিচারক বা সিভিল জজদেরও এই কাজে নিয়োগ করতে হবে।

এদিন মামলার শুনানি চলাকালীন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টকে জানান যে, আদালতের পূর্ববর্তী নির্দেশ অনুযায়ী জেলা ও অতিরিক্ত জেলা জজ স্তরের ২৫০ জন বিচার বিভাগীয় আধিকারিক বর্তমানে যাচাইকরণের কাজ করছেন। কিন্তু জমা পড়া আবেদনের সংখ্যা কয়েক লক্ষ হওয়ায় এই জনবল একেবারেই পর্যাপ্ত নয়। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে বিচারপতি সূর্য কান্ত নির্দেশ দেন যে, প্রয়োজনে ঝাড়খণ্ড ও ওড়িশা হাইকোর্টের থেকেও বিচার বিভাগীয় আধিকারিকদের এই কাজে সহায়তার জন্য চাওয়া যেতে পারে।

আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে পশ্চিমবঙ্গের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার কথা রয়েছে। সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছে যে যদি ২৮শে ফেব্রুয়ারির মধ্যে সমস্ত ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’ বা ‘আনম্যাপড’ (Unmapped) ক্যাটাগরির যাচাইকরণ শেষ না হয়, তবে নির্বাচন কমিশনকে পরবর্তীতে একটি সাপ্লিমেন্টারি বা পরিপূরক তালিকা প্রকাশ করতে হবে। এই পরিপূরক তালিকায় নাম থাকা ব্যক্তিদের ২৮শে ফেব্রুয়ারিতে প্রকাশিত মূল তালিকারই অংশ হিসেবে গণ্য করা হবে। তাঁরা প্রত্যেকেই বৈধ ভোটারের মর্যাদা ও সুযোগ-সুবিধা পাবেন।

নির্বাচনের আগে ভোটার তালিকায় যাতে কোনো যোগ্য নাগরিক বাদ না পড়েন এবং তথ্যের কোনো ত্রুটি না থাকে, তা নিশ্চিত করতেই সুপ্রিম কোর্টের এই হস্তক্ষেপ। প্রশাসনিক আধিকারিকদের বদলে বিচার বিভাগীয় আধিকারিকদের দিয়ে যাচাইকরণ করানোর উদ্দেশ্য হলো এই প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *