বহরমপুরে বৃদ্ধাকে স্ক্রু ড্রাইভারের কোপ, পাল্টা গণপিটুনিতে রক্তাক্ত যুবক

নিজস্ব সংবাদদাতা, বহরমপুর: রবিবার রাতে বহরমপুর শহরের বিবেকানন্দ কলোনি এলাকায় এক বৃদ্ধাকে খুনের চেষ্টার অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এক যুবকের বেপরোয়া স্ক্রু ড্রাইভারের কোপে গুরুতর জখম হয়েছেন এক বৃদ্ধা। ঘটনার পরেই ক্ষিপ্ত জনতা ওই যুবককে পাকড়াও করে গণপিটুনি দেয় বলে জানা গেছে। বর্তমানে দুজনেই আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রে খবর, রবিবার রাতে বিবেকানন্দ কলোনির গুল ফ্যাক্টরির গলিতে আচমকাই বিশাখা দাস নামে এক বৃদ্ধার ওপর চড়াও হয় জনৈক এক যুবক। বৃদ্ধাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে উত্তেজিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। তাঁরা অভিযুক্ত যুবককে তাড়া করে ধরে ফেলেন। এরপরেই শুরু হয় গণপিটুনি।

আহত বৃদ্ধা বিশাখা দাসের বাড়ি বিবেকানন্দ কলোনি এলাকাতেই। অন্যদিকে, অভিযুক্ত যুবকের নাম গোষ্ঠরাম দাস। তাঁর আদি বাড়ি ডোমকল থানা এলাকায় হলেও বর্তমানে তিনি বহরমপুরের বকুলতলায় থাকতেন।

দুজনকেই উদ্ধার করে দ্রুত মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃদ্ধার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর।

কেন ওই যুবক হঠাত্ বৃদ্ধার ওপর হামলা চালালেন, তার কারণ এখনও স্পষ্ট নয়।এটি কি কোনো পুরনো শত্রুতা নাকি এর নেপথ্যে অন্য কোনো মানসিক বিকার রয়েছে, তা খতিয়ে দেখছে বহরমপুর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *