নিউজ ফ্রন্ট ডেস্ক | কলকাতা, ৯ জুন, ২০২৫:
প্রাথমিকে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে NIOS (ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং) থেকে ডিএলএড ডিগ্রি প্রাপ্ত প্রার্থীদের করা মামলার দ্রুত শুনানির আর্জি মঞ্জুর করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। আগামী ১২ জুন মামলার শুনানি হবে বলে আদালত জানিয়েছে।
বিতর্কের সূত্রপাত, প্রাথমিক শিক্ষা সংসদের ৩০ মে প্রকাশিত নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি ঘিরে। অভিযোগ, ২০২২ সালের নিয়োগ প্রক্রিয়ায় শুধুমাত্র সুপ্রিম কোর্টে মামলাকারী কিছু NIOS ডিএলএড প্রার্থীর নামই তালিকাভুক্ত করা হয়েছে। অথচ সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল, সমস্ত বৈধ ডিগ্রিধারীদের নিয়োগে সুযোগ দিতে হবে। কিন্তু তা না করে রাজ্য তাদের মধ্যে বেছে বেছে কিছুজনকে নাম প্রকাশ করে বাকি বহু যোগ্য প্রার্থীকে বঞ্চিত করেছে বলে অভিযোগ।
এই অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অন্তত ৭০-৮০ জন চাকরিপ্রার্থী, দায়ের হয়েছে মোট ৯টি মামলা। তাঁদের দাবি, সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও তাঁদের নাম বাদ দেওয়া চূড়ান্ত অন্যায় এবং অবমাননার শামিল।
উল্লেখযোগ্যভাবে, NIOS-এর ডিএলএড ডিগ্রির বৈধতা নিয়ে আগে আপত্তি তুলেছিল রাজ্যের প্রাথমিক শিক্ষা সংসদ। পরে দেশের শীর্ষ আদালতের নির্দেশে তাদের নিয়োগ প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করতে বাধ্য হয় রাজ্য। কিন্তু এবার ফের সেই প্রার্থীদের একাংশকে বাইরে রেখে প্রক্রিয়া চালানোর অভিযোগ ঘিরে মামলার পথে হাঁটলেন চাকরিপ্রার্থীরা।
হাইকোর্টের এই মামলার রায় কি হতে চলেছে ডিএলএড ডিগ্রিধারীদের জন্য আশার আলো? ১২ জুনের শুনানিতে নজর এখন সবার।