ভোটের মুখে বহরমপুরে ইডি-র ‘মেগা’ হানা! ‘তৃণমূলের ডেটা চুরি করছে বিজেপি’, বিস্ফোরক নাড়ুগোপাল

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: বিধানসভা নির্বাচনের দামামা বাজার আগেই কেন্দ্রীয় এজেন্সির অতিসক্রিয়তা নিয়ে উত্তপ্ত রাজ্য। বৃহস্পতিবার কলকাতায় আইপ্যাক-এর অন্যতম সদস্য প্রতীক জৈনের ব্যক্তিগত অফিসে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)-এর তল্লাশিকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক সংঘাত। তৃণমূলের অভিযোগ, আর্থিক তদন্তের নামে আসলে তৃণমূলের গোপন সাংগঠনিক তথ্য বা ‘ডেটা’ হাতানোর চেষ্টা করছে বিজেপি।

বহরমপুর পৌরসভার পৌরপিতা তথা তৃণমূলের দাপুটে নেতা নাড়ুগোপাল মুখার্জি এই অভিযানের তীব্র প্রতিবাদ জানিয়ে সরাসরি কেন্দ্রের শাসক দলকে নিশানা করেছেন। নাড়ুগোপাল বাবুর দাবি, ইডি-র কাজ হলো আর্থিক তছরুপের তদন্ত করা। কিন্তু এখানে কোনো টাকার লেনদেন নয়, বরং তৃণমূলের সাংগঠনিক রণকৌশল এবং রাজনৈতিক তথ্য যেখানে সংরক্ষিত থাকে, সেই অফিসকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

তৃণমূলের দাবি, বিজেপি রাজনৈতিকভাবে লড়াই করতে ভয় পেয়ে এখন কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করে তৃণমূলের ডেটাবেস হস্তগত করার চেষ্টা করছে। একে তিনি রাজনৈতিক চুরি’ হিসেবেই দেখছেন। পৌরপিতার অভিযোগ, ভোট ঘোষণার আগেই বিজেপি নেতারা ফোন করে পরিস্থিতি তৈরি করছেন এবং পরে প্রশাসনিক শক্তি ব্যবহার করে বিরোধীদের ওপর চাপ সৃষ্টি করছেন।

বিজেপিকে কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে নাড়ুগোপাল মুখার্জি বলেন, “বিজেপি কতটা নিচে নামবে আজকের ঘটনা তার প্রমাণ। তবে কোনো এজেন্সি দিয়ে মানুষের মন জয় করা যায় না। মমতা বন্দ্যোপাধ্যায় গত পাঁচ বছরে যে উন্নয়ন করেছেন এবং মানুষের পাশে থেকেছেন, তা কোনোভাবেই মানুষের মন থেকে মুছে ফেলা সম্ভব নয়।”

আইপ্যাক-এর মতো একটি হাই-প্রোফাইল সংস্থার সদস্যের অফিসে ইডি হানা স্বাভাবিকভাবেই রাজ্যের রাজনৈতিক সমীকরণকে প্রভাবিত করেছে। তৃণমূলের পক্ষ থেকে একে গণতন্ত্রের ওপর আক্রমণ’ হিসেবে দেখা হচ্ছে, অন্যদিকে বিজেপির দাবি—দুর্নীতির শিকড় খুঁজতে যেখানে প্রয়োজন সেখানেই তদন্ত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *