ডিসেম্বরে চালু হচ্ছে কান্দি মহকুমা হাসপাতালের নতুন ভবন: পরিদর্শনে আশ্বাস দিলেন জেলাশাসক

কান্দি, মুর্শিদাবাদ, ১৭ নভেম্বর, ২০২৫:

মুর্শিদাবাদ জেলার নবনিযুক্ত জেলাশাসক নীতিন সিংহানিয়া কান্দি মহকুমা হাসপাতাল পরিদর্শনে এসে সমস্ত জল্পনার অবসান ঘটালেন। তিনি নিশ্চিত করেছেন যে, হাসপাতালটির নতুন ভবনে স্বাস্থ্য পরিষেবা আগামী ডিসেম্বর মাসেই চালু হচ্ছে।

কান্দি মহকুমা হাসপাতালের নতুন ভবন চালু হলে এই অঞ্চলের রোগীদের জন্য একাধিক অত্যাধুনিক স্বাস্থ্য সুবিধা মিলবে। নতুন ভবনটিতে মোট ১৫৪টি বেড নিয়ে স্বাস্থ্য পরিষেবা শুরু হবে। রোগীরা এখানে ডায়ালাইসিস, ভেন্টিলেশন সাপোর্ট সিস্টেম সহ একাধিক মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা পাবেন। হাসপাতাল পরিদর্শনের সময় জেলাশাসক আরও জানান, নতুন ভবনে পরিষেবা শুরুর পাশাপাশি এই হাসপাতালে ই-প্রেসক্রিপশন (e-Prescription) ব্যবস্থাও চালু হবে। এর ফলে রোগীদের চিকিৎসা নথিভুক্তকরণ আরও সহজ, পরিষ্কার এবং নিরাপদ হবে।

নতুন ভবনটির দ্বারোদঘাটন ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদ জেলা সফরে এসে করেছিলেন। এই হাসপাতালটি চালু হলে শুধু মুর্শিদাবাদ জেলা নয়, পার্শ্ববর্তী বীরভূম ও পূর্ব বর্ধমান জেলার একাংশের মানুষও এখান থেকে উন্নত স্বাস্থ্য পরিষেবা নিতে পারবেন।

জেলাশাসকের এই ঘোষণার ফলে কান্দি এবং তার পার্শ্ববর্তী এলাকার মানুষের মধ্যে নতুন করে আশা ও স্বস্তি ফিরে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *