নিউজ ফ্রন্ট কলকাতা, ৩১ অক্টোবর
নির্বাচন কমিশনের পক্ষ থেকে “SIR” (Special Intensive Revision) ঘোষণা হওয়ার পরই রাজ্যের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে বিনামূল্যে সিএএ (Citizenship Amendment Act) ক্যাম্প। বনগাঁ মহকুমায় বিশেষ উদ্যোগ নিয়েছেন বনগাঁ উত্তর কেন্দ্রের বিজেপি বিধায়ক অশোক কীর্তনীয়া। উদ্বাস্তু ও মতুয়া সম্প্রদায়ের মানুষের সুবিধার্থে আজ সকাল থেকেই বনগাঁর গান্ধীপল্লী এলাকায় শুরু হয়েছে বিনামূল্যে সিএএ ফর্ম পূরণের ক্যাম্প। সকাল থেকেই এলাকায় ভিড় জমেছে শতাধিক মানুষের, বেশিরভাগই উদ্বাস্তু ও মতুয়া পরিবার।

অশোক কীর্তনীয়া বলেন, “এই ক্যাম্পের উদ্দেশ্য শুধুমাত্র উদ্বাস্তুদের নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়াকে সহজ করা। কেউ যাতে দালালের হাতে প্রতারিত না হন, সে জন্যই আমাদের এই উদ্যোগ।”
অন্যদিকে, উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের নজমু নাট্যনিকেতনে গতকাল অনুষ্ঠিত হয় বিজেপির একটি সিএএ কর্মশালা। সেখানে উপস্থিত ছিলেন বিজেপির উত্তর দিনাজপুর জেলার প্রাক্তন সভাপতি বাসুদেব সরকার, জেলা সভাপতি নিমাই কবিরাজ, কমল দেবনাথ, মিলন সরকার ও দক্ষিণ দিনাজপুরের সভাপতি স্বরূপ চৌধুরী।
বাসুদেব সরকার জানান, “যাঁরা বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তান থেকে উদ্বাস্তু হয়ে ভারতে এসেছেন, তাঁদের নাগরিকত্বের আবেদন প্রক্রিয়াকে সহজ করতে প্রশিক্ষণমূলক কর্মশালা করা হচ্ছে।”

তবে এই উদ্যোগকে কেন্দ্র করে রাজ্যে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক।
বামফ্রন্ট নেতা সুজন চক্রবর্তী বলেন, “কমিশনের মনোভাব দেখে মনে হচ্ছে তারা এখনও পুরোপুরি প্রস্তুত নয় এই কাজের জন্য। মানুষের মনে ভয় তৈরি করা হচ্ছে। বিজেপি রাজনৈতিক ফায়দা তুলতে সিএএ ক্যাম্প চালাচ্ছে। দেখে মনে হচ্ছে নির্বাচন কমিশনের কোন সেকেন্ড হ্যান্ড সিএএ ক্যাম্প করছে। কমিশনের কাছে আমরা দাবি জানিয়েছি, এই ধরনের ক্যাম্প অবিলম্বে বন্ধ করা হোক।”
এদিকে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, SIR প্রক্রিয়ার সঙ্গে সিএএ-র কোনও সম্পর্ক নেই। ভোটার তালিকা সংশোধন ও নাগরিকত্ব আইন প্রয়োগ সম্পূর্ণ ভিন্ন প্রশাসনিক প্রক্রিয়া।
বিশেষজ্ঞদের মতে, নির্বাচন পর্বের আগে এই ধরনের উদ্যোগ ভোটের রাজনীতিকে নতুন মাত্রা দিতে পারে। মতুয়া ও উদ্বাস্তু অধ্যুষিত এলাকা জুড়ে রাজনৈতিক তৎপরতা আরও বাড়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
