মুর্শিদাবাদে ফের অবৈধ অনুপ্রবেশ: রানীতলায় গ্রেফতার ৪ বাংলাদেশি নাগরিক

এনএফবি নিউজ ডেস্ক, মুর্শিদাবাদ:

জেলায় ফের ধরা পড়ল অবৈধ অনুপ্রবেশের ঘটনা। সোমবার গভীর রাতে গোপন সূত্রে খবরের ভিত্তিতে রানীতলা থানার পুলিশ শিবনগর ঘাট এলাকায় অভিযান চালিয়ে চার বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করে।

ধৃতদের নাম— আলআমিন সেখ (২৯), সাব্বির হোসেন (২১), মামন আলি (১৯) এবং মহম্মদ বিপ্লব (২৭)এরা প্রতেকেই রাজশাহী দামকরার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের কাছে ভারতে প্রবেশ বা অবস্থানের কোনও বৈধ নথি ছিল না। এ ঘটনায় রানীতলা থানায় নির্দিষ্ট মামলা রুজু হয়েছে। মঙ্গলবার লালবাগ আদালতে তাঁদের পেশ করা হবে এবং পাঁচ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানাবে পুলিশ।

এ নিয়ে জেলার বিভিন্ন প্রান্তে বারবার অবৈধ অনুপ্রবেশের চিত্র সামনে আসছে। গত ৩১ জুলাই রানীনগর থানার কাটলামারী এলাকায় তল্লাশি চালিয়ে ছয় বাংলাদেশি নাগরিক ও তাঁদের সহযোগী সন্দেহে এক ভারতীয়কে গ্রেফতার করেছিল পুলিশ। এর আগেও গৌরীবাগ ব্রিজের কাছে আট বাংলাদেশি নাগরিক ও এক ভারতীয় দালাল ধরা পড়ে পুলিশের জালে।

প্রশ্ন উঠছে—সীমান্ত কড়া নজরদারির পরও বারবার কীভাবে বাংলাদেশি নাগরিকরা বেআইনি পথে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করছে? বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *