রাজ্যের বিভিন্ন প্রান্তে বজ্রপাত সহ বৃষ্টি, ধান রোপন করতে গিয়েও মৃত্যু
কলকাতা, ২৫ জুলাই ২০২৫: আজ দুপুরে রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রপাত সহ বৃষ্টির কারণে ব্যাপক প্রাণহানি ঘটেছে। বজ্রাঘাতে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমান জেলায় মোট ১৮ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আহত হয়েছেন আরও ৪ জন।
বজ্রপাতের ঘটনায় আজ দুপুরে বাঁকুড়া জেলায় ৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ওন্দায় ৪ জন, জয়পুর, ইন্দাস, কোতলপুর এবং পাত্রসায়রে ১ জন করে প্রাণ হারিয়েছেন। এদিন দুপুরে জেলার বিভিন্ন প্রান্তে বজ্রপাত সহ বৃষ্টিপাত হয়।
পুরুলিয়ার ঝালদার গুরুডি গ্রামে ধান রোপন করতে গিয়ে বজ্রাঘাতে ১ জন মহিলার মর্মান্তিক মৃত্যু হয়েছে। অন্যদিকে, পশ্চিম মেদিনীপুর জেলাতেও বজ্রপাতের ঘটনায় ২ জন ব্যক্তির প্রাণহানি ঘটেছে। চন্দ্রকোনা ও দাঁতন এলাকায় এই ঘটনাগুলি ঘটেছে।
পূর্ব বর্ধমান জেলায় বজ্রাঘাতে ৫ জনের মৃত্যু হয়েছে এবং ৪ জন আহত হয়েছেন। মাধবডিহি, রায়না, আউশগ্রাম এবং ভাতারে বাজ পড়ে এই প্রাণহানির ঘটনাগুলি ঘটেছে।
এই আকস্মিক বজ্রপাতের ঘটনাগুলি রাজ্যজুড়ে উদ্বেগ সৃষ্টি করেছে। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বজ্রপাত সহ বৃষ্টির সময় সাধারণ মানুষকে সতর্ক থাকার এবং নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।