নিউজ ফ্রন্ট, ২০ জুলাই: ভারতের আবহাওয়া দফতর (IMD) আগামী ২৬শে জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে। এর পাশাপাশি, সক্রিয় মৌসুমী নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে পশ্চিমবঙ্গেও বর্ষা জারি রয়েছে এবং আগামী বুধবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সর্বত্র বৃষ্টি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তরাখণ্ডে মঙ্গলবার পর্যন্ত এবং হিমাচল প্রদেশে বুধবার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তামিলনাড়ুতে ২২শে জুলাই পর্যন্ত এবং তেলেঙ্গানায় ২৪শে জুলাই পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কেরালা, মাহে, উপকূলীয় এবং দক্ষিণ অভ্যন্তরীণ কর্ণাটকে ২৬শে জুলাই পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।
দেশের অন্যান্য অংশেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিম উত্তরপ্রদেশ এবং হরিয়ানায় আগামীকাল পর্যন্ত, এবং পাঞ্জাব, জম্মু ও কাশ্মীর অঞ্চলে ২৪শে জুলাই পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। পূর্ব উত্তরপ্রদেশ এবং পূর্ব রাজস্থানে ২৬শে জুলাই পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির মধ্যে নাগাল্যান্ড এবং ত্রিপুরায় আগামীকাল পর্যন্ত, অরুণাচল প্রদেশে মঙ্গলবার পর্যন্ত এবং আসাম ও মেঘালয়ে ২৬শে জুলাই পর্যন্ত অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে IMD।
আবহাওয়া দফতর আরও জানিয়েছে যে, আগামী ৫ দিন দক্ষিণ উপদ্বীপীয় ভারতে প্রতি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে শক্তিশালী ভূপৃষ্ঠীয় বাতাস বইতে পারে। অন্যদিকে, দিল্লি-এনসিআর অঞ্চলে আগামী ২৪ ঘণ্টার মধ্যে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, মৌসুমী নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে পশ্চিমবঙ্গ জুড়ে সক্রিয় রয়েছে বর্ষা। আলিপুর আবহাওয়া দফতরের বিজ্ঞানী ডক্টর সৌরীশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সক্রিয় মৌসুমী নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে বঙ্গে বর্ষা জারি রয়েছে। ফের আরও একটি নিম্নচাপ অক্ষরেখার কারণে আগামী বুধবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সর্বত্র বৃষ্টি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এই সময় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সকলকে সতর্ক থাকতে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।