আন্তর্জাতিক ডেস্ক, মস্কো:
দীর্ঘ টানাপোড়েনের পর আফগানিস্তানের তালিবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল রাশিয়া। গতকাল মস্কো আফগানিস্তানের নতুন রাষ্ট্রদূতের পরিচয়পত্র গ্রহণ করেছে। এটাই প্রথমবার, কোনও দেশ তালিবান সরকারকে সরকারিভাবে স্বীকৃতি দিল বলে আন্তর্জাতিক মহলে প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
রাশিয়ার বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, আফগানিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে প্রস্তুত মস্কো। কাবুলের নিরাপত্তা রক্ষা, সন্ত্রাসবাদ রোধ এবং মাদক চোরাচালানের বিরুদ্ধে লড়াইয়ে রাশিয়া সক্রিয় ভূমিকা নেবে বলেও তারা জানিয়েছে। একই সঙ্গে জ্বালানি, কৃষি, পরিবহণ ও পরিকাঠামো উন্নয়নের মতো ক্ষেত্রেও দুই দেশের মধ্যে বাণিজ্য ও সহযোগিতার সুযোগ রয়েছে বলে মনে করছে রাশিয়া।
আফগান বিদেশমন্ত্রী আমির খান মুর্তাকি এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, “রাশিয়ার এই সাহসী পদক্ষেপ আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। এই পদক্ষেপ অন্য দেশগুলির কাছেও এক দৃষ্টান্ত হয়ে উঠবে।”
২০২১ সালের আগস্টে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর আকস্মিক প্রস্থান এবং আফগান সরকারের পতনের মধ্য দিয়ে তালিবানরা ফের ক্ষমতায় আসে। কিন্তু দীর্ঘ দু’বছরেও আন্তর্জাতিক স্বীকৃতি তাদের মেলেনি।
তবে রাশিয়ার এই সিদ্ধান্ত বিশ্ব রাজনীতির মানচিত্রে এক নতুন মোড় আনতে চলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। যদিও চীন, পাকিস্তান, উজবেকিস্তান এবং আমিরশাহি ইতিমধ্যেই কাবুলে তাদের কূটনৈতিক উপস্থিতি বজায় রেখেছে, এই প্রথম কোনও রাষ্ট্র আনুষ্ঠানিক স্বীকৃতি দিল তালিবান প্রশাসনকে।