জুবিন গার্গ মৃত্যুকাণ্ডে গ্রেফতার দুই অভিযুক্তকে আদালতে হাজির, তদন্তে নতুন দিক উন্মোচনের সম্ভাবনা

নিউজ ফ্রন্ট | গুয়াহাটি, ১৫ অক্টোবর:

বিখ্যাত অসমীয়া গায়ক জুবিন গার্গের রহস্যময় মৃত্যুর ঘটনায় গ্রেফতার হওয়া দুই অভিযুক্ত শ্যামকানু মহন্ত এবং সিদ্ধার্থ শর্মাকে আজ কামরূপ মহানগর জেলার মুখ্য বিচারিক দণ্ডাধীশের আদালতে হাজির করানো হয়েছে। দু’জনকেই আজ আদালতে তোলা হয়, কারণ তাঁদের ১৪ দিনের পুলিশি হেফাজতের মেয়াদ শেষ হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তদের আজ ফের আদালতে পেশ করে তদন্তকারী সংস্থা তাঁদের বিচারিক হেফাজতে পাঠানোর আবেদন জানিয়েছে। তদন্তের অগ্রগতি, প্রাপ্ত প্রমাণ এবং জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পুলিশের তরফে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আদালতে উপস্থাপন করা হতে পারে। এই দুই অভিযুক্তকে গত ১ অক্টোবর গ্রেফতার করা হয়েছিল, এবং তারপর থেকে তাদের লাগাতার জিজ্ঞাসাবাদ চলছে। পুলিশ দাবি করেছে, তদন্তে একাধিক নতুন দিক উঠে এসেছে, যা জুবিনের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে সহায়তা করতে পারে।

পুলিশ সূত্রে আরও জানা গেছে, আজই তিনজন প্রবাসী অসমীয়া নাগরিককে সিআইডি অফিসে হাজির হতে ডাকা হয়েছে।ধারণা করা হচ্ছে, তাঁরা এই ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত না হলেও কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারেন, যা তদন্তে নতুন মাত্রা যোগ করবে।

প্রসঙ্গত, জুবিন গার্গের আকস্মিক মৃত্যু অসম তথা সমগ্র উত্তর-পূর্বাঞ্চলে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।শুরুতে ঘটনাটি ‘অস্বাভাবিক মৃত্যু’ বলে ধরে নেওয়া হলেও, পরবর্তীতে উঠে আসে একাধিক বিরোধপূর্ণ তথ্য।
এই কারণেই সিআইডি তদন্ত শুরু করে এবং সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় শ্যামকানু মহন্ত ও সিদ্ধার্থ শর্মাকে।

অসমবাসীর প্রিয় গায়ক জুবিন গার্গের মৃত্যু নিয়ে এখনও অনেক প্রশ্নের উত্তর অজানা। আজ আদালতে হাজিরার পর তদন্তে নতুন তথ্য প্রকাশ পেলে, সেই রহস্যের জট কিছুটা খুলতে পারে বলে মনে করছে প্রশাসন। তবে আপাতত গোটা রাজ্য তাকিয়ে আছে সিআইডি ও আদালতের পরবর্তী পদক্ষেপের দিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *